শ্রীনগর: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার মন্তব্য ঘিরে নয়া বিতর্ক। শনিবার কাশ্মীরের বারামুল্লা জেলার এক জনসভায় তাঁর বক্তব্যে পাকিস্তানের প্রতি সমর্থনের ইঙ্গিত রয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। মন্তব্যের জন্য ফারুকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে গেরুয়া শিবির। ওই জনসভায় ফারুক বলেন, কাশ্মীর নিয়ে আমাদের প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় ছুটছে। আমাদের রক্ষা করছে। পাশাপাশি দিল্লির কাছ থেকে ন্যায়বিচারের আশা না করে নিজেদের অধিকারের জন্য লড়াই করার আহ্বানও জানান তিনি। ইতিমধ্যেই ফারুকের এই মন্তব্যের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কড়া সমালোচনা করেছেন জম্মু-কাশ্মীর বিজেপির সভাপতি সত শর্মা। তাঁর বক্তব্য, ভারতে বাক্স্বাধীনতা রয়েছে বলেই ফারুক এমন মন্তব্য করতে পারছেন। তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাও ফারুকের বক্তব্যের নিন্দা করেছেন। তাঁর কথায়, কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন মন্তব্য দুর্ভাগ্যজনক। এধরনের মন্তব্য খুবই নিন্দনীয়।



