নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজ করেছেন, কিন্তু কয়েক হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে পাওয়া বাকি। শনিবার দুপুরে বিল্ডার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, কলকাতা সেন্টারের তরফে সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ করা হয়। সংগঠনের দাবি, তৃণমূল আমলে প্রায় ৫০ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। নতুন সরকারের আমলে এখনও খুবই অল্প মেটানো হয়েছে। তবে সংগঠনের তরফে বলা হয়েছে, নতুন সরকারের উপর তারা ভরসা রাখছেন।
এদিন সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের সম্পাদক রাজা মুখোপাধ্যায়, চেয়ারম্যান রাজীব মান্না, প্রাক্তন জাতীয় সভাপতি এস কে বসু ও পূর্বাঞ্চলের ট্রাস্টি প্রদীপ কুমার চৌধুরী। সাংবাদিক সম্মেলনে এস কে বসু অভিযোগ করেন, সরকারের সঙ্গে তাঁদের চুক্তিপত্র একতরফা। তাছাড়া এমএসএমই কনট্রাক্টররা আইন অনুযায়ী সুবিধা পাচ্ছেন না। এছাড়াও এই ধরনের ব্যবসা যেহেতু সাইট অনুযায়ী হয়ে থাকে, তাই প্রচুর দাবিহীন পিএফ জমে থাকে। ইএসআই হাসপাতাল প্রত্যন্ত গ্রামে না থাকার দরুণ সেই টাকাও কাজে লাগে না। আবার নির্মাণ কাজে অব্যবহৃত সামগ্রী অন্য রাজ্যে নিয়ে যেতে গেলে আবার জিএসটি ভরতে হয়।
এই বিষয়ে রাজা মুখোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের কাছ থেকে আমরা প্রায় ৫০ হাজার কোটি টাকা পাই। তিনি বলেন, আমরা আশা করছি, নতুন সরকার বিষয়টি দেখবেন। ২০১৭ সালের পর থেকে কনট্রাক্টরদের জন্য খরচের তালিকাবদল হয়নি। নতুন সরকার আসার পর এই তালিকা কেন্দ্রীয় হারে করা হয়েছে। সংগঠনের দাবি, সমস্ত দপ্তরের জন্যই যেন কেন্দ্রীয় হারে তালিকা লাগু হয়। তাঁদের বক্তব্য, জল জীবন মিশনে প্রায় ১২ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। জুলাই মাসে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে তাঁরা তাঁদের দাবিসনদ দিয়েছেন। তারপর থেকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ আছে বলে জানানো হয়েছে সংগঠনের তরফে। দপ্তর নির্দিষ্ট কমিটি তৈরি করে বকেয়া অর্থ মেটানো সহ অন্যান্য বিষয়গুলিও দেখা হচ্ছে বলে জানিয়েছে ওই সংগঠন।