Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার শহর সৌন্দর্যায়নে এক কোটি ব্যয়ে ৩টি ডিজিটাল গেটের নির্মাণ কাজ শুরু

পর্যটনের শহর আলিপুরদুয়ার। পর্যটকদের আকর্ষণে ও শহর সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের তিনটি ব্যস্ত রাস্তায় ডিজিটাল গেট তৈরির কাজ শুরু করল পুরসভা।

আলিপুরদুয়ার শহর সৌন্দর্যায়নে এক কোটি ব্যয়ে ৩টি ডিজিটাল গেটের নির্মাণ কাজ শুরু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: পর্যটনের শহর আলিপুরদুয়ার। পর্যটকদের আকর্ষণে ও শহর সৌন্দর্যায়নের লক্ষ্যে শহরের তিনটি ব্যস্ত রাস্তায় ডিজিটাল গেট তৈরির কাজ শুরু করল পুরসভা। এই তিনটি গেট তৈরিতে খরচ ধরা হয়েছে এক কোটি টাকা। পুরসভার নিজস্ব তহবিল থেকেই গেট তৈরি হচ্ছে। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, সৌন্দর্যায়নের জন্য স্বাগতম গেট তৈরির সঙ্গে পুরসভার উচিত শহরের ফুটপাত দখলমুক্ত ও টোটোর পার্কিং জোন তৈরির দিকে নজর দেওয়া। 
পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর বলেন, জলদাপাড়া ও বক্সার জঙ্গলে বেড়াতে আসার সময় প্রচুর পর্যটক শহরের হোটেল-লজে রাত্রিবাস করেন। পর্যটকদের আকর্ষণ ও শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে এই গেটগুলি তৈরি হচ্ছে। চলতি মাসেই এই গেট তৈরির কাজ শেষ করে ফেলা হবে। 

Advertisement


পুরসভা সূত্রে খবর, শহরের লাইফ লাইন বক্সা ফিডার রোডের দমকল মোড়, কোচবিহার রোডের কালজানি সেতুর মুখে এবং শামুকতলা রোডের শোভাগঞ্জ মোড়ে গেট তৈরির কাজ চলছে। প্রতিটি গেটই হবে ডিজিটাল। রাতে নির্দিষ্ট সময়ে সময়ে গেটগুলির রং বদল হতে থাকবে। গেটগুলি বিশ্ববাংলার লোগো দিয়ে সাজানো হবে। যদিও পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, পুরসভার উচিত শহরের ফুটপাত দখলমুক্ত করা। টোটোর পার্কিং জোন নেই। যেখানে সেখানে রাস্তা দখল করে দাঁড়িয়ে থাকে টোটো। তাই টোটোর পার্কিং জোন তৈরি করা উচিত। শুধু স্বাগতম গেট তৈরি করলেই শহরের সৌন্দর্যায়ন হয় না। শহরকে যানজটমুক্ত করতে হবে। শহরের কলেজ হল্ট ব্যবসায়ী সমিতির সম্পাদক শ্যামল নাথও বলেন, শুধু স্বাগতম গেট তৈরি করলে শহরের সৌন্দর্যায়ন বাড়বে না। পুরসভার উচিত শহরের বেহাল রাস্তার দিকেও নজর দেওয়া। যদিও পুর চেয়ারম্যান বলেন, শহরের ফুটপাত দখলমুক্ত ও টোটোর পার্কিং জোন তৈরির পরিকল্পনা চলছে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ