কাঠমাণ্ডু: দশম সংবিধান দিবস পালন করল নেপাল। কাঠমাণ্ডুর তুন্ডিখেল ময়দানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল ও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি। সাম্প্রতিক ‘জেন জি’ আন্দোলনের জেরে এবারের অনুষ্ঠান ছিল তুলনামূলক কম জাঁকজমকপূর্ণ। শুক্রবার প্রধানমন্ত্রী কারকি বলেন, দশ বছর আগে প্রণীত সংবিধানের সুরক্ষা ও সফল বাস্তবায়ন নেপালিদের দায়িত্ব। রাষ্ট্রপতি পৌডেল জানান, বর্তমান সংবিধান বিভিন্ন জাতি, ভাষা, ধর্ম ও সংস্কৃতির বৈচিত্র্যকে ঐক্যবদ্ধ করেছে। অবসান ঘটিয়েছে বৈষম্য ও দমন নীতির। আগামীতে শান্তি, সুশাসন ও সমৃদ্ধির লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, এদিন ‘জেন জি’ আন্দোলনকারীরাও কাঠমাণ্ডুর মৈতিঘর মন্ডলায় একটি র্যালির আয়োজন করেন। পাশাপাশি, নেপালের দুই কমিউনিস্ট দলও আলাদাভাবে কাঠমাণ্ডুর দলীয় কার্যালয়ে কর্মসূচির আয়োজন করে।



