নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্ভাব্য জোট অথবা কংগ্রেসের তৃণমূলে মিশে যাওয়ার সম্ভাবনায় তাদের রাজনৈতিক লাভ আদৌ কিছু আছে কি? নাকি পুরোটাই ক্ষতির খাতায়? আপাতত এপ্রশ্নের উত্তর মেলাতে চাইছেন বামপন্থীরা। জানা যাচ্ছে, এই ইস্যুতে শীঘ্রই সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, আরএসপির মতো বাম দলগুলি বৈঠকে বসছে। বৃহস্পতিবার দিল্লিতে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক। দলটির কোনো মতাদর্শ এবং সংগঠন আর অবশিষ্ট নেই। সাংগঠনিক এবং মতাদর্শের অভাবেই তৃণমূল কংগ্রেসে সংকট তৈরি হয়েছে। আদৌ এটি আর স্বাধীন রাজনৈতিক দল হিসাবে থাকতে পারবে কি না, তা ব্যাখ্যা করতে হবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই।’



