Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন নিয়ে নীরব কেন মোদি সরকার, তোপ কংগ্রেসের

‘আমাদের রাস্তা থেকে সরে যাও। তোমরা কীভাবে গাড়ি চালাতে হয় জানো না মিস্টার সিং!’ তার সঙ্গে দু’লাইনের হুঁশিয়ারি।

ট্রাম্প প্রশাসনের বিজ্ঞাপন নিয়ে নীরব কেন মোদি সরকার, তোপ কংগ্রেসের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘আমাদের রাস্তা থেকে সরে যাও। তোমরা কীভাবে গাড়ি চালাতে হয় জানো না মিস্টার সিং!’ তার সঙ্গে দু’লাইনের হুঁশিয়ারি। ‘আমেরিকা শুধু মার্কিন নাগরিকদের। হয় নিজেরা দেশ ছাড়ো, নাহলে খুঁজে বের করা হবে।’ যে সব ভারতীয়রা লাইসেন্স ছাড়া আমেরিকায় বাণিজ্যিক গাড়ি চালান, তাঁদের উদ্দেশে এই ভাষাতেই বার্তা দিল সেই দেশের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। আর বিজ্ঞাপনটি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এমন বিজ্ঞাপনকে জাতিবিদ্বেষমূলক ও ভারতীয়দের প্রতি অপমান বলে সরব হয়েছে। বিভিন্ন সংগঠনও এর বিরোধিতা করেছে। শুক্রবার কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়, মোদি সরকার এতটাই দুর্বল হয়ে পড়েছে যে এই নিয়ে কোনো জোরালো প্রতিবাদ পর্যন্ত করেনি। কেন ভারতের স্বার্থের পক্ষে জোরালোভাবে কথা বলতে কেন্দ্র অক্ষম, সে বিষয়ে তাদের দেশের কাছে জবাবদিহি করতে হবে বলেও দাবি জানিয়েছে হাত শিবির। তবে, মার্কিন মুলুকের বিভিন্ন ভারতীয় সংগঠনের প্রতিবাদের মুখে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ওই বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছে। 

Advertisement

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। হোমল্যান্ড সিকিউরিটির তরফে এক্স হ্যান্ডলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি ফটোকার্ড পোস্ট করা হয়। তাতে ‘ট্রান্সফরমার’ সিনেমার চরিত্র ও পাগড়ি পরা এক ভারতীয়র ছবি ব্যবহার করে ওই বার্তাগুলি লেখা হয়। কংগ্রেসের তরফে দলের সধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লেখেন, ‘মোদিজি, ডোনাল্ড ট্রাম্পকে নিজের বন্ধু হলে অভিহিত করে আন্তর্জাতিক প্রভাবের কথা ঘোষণা করেন। এমনকি ভারতীয় বংশোদ্ভুত মার্কিনদের মধ্যে ‘আব কি বার, ট্রাম্প সরকার’-এর স্লোগান চালু করেছিলেন। অথচ তাঁর আমলেই এখন ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে ক্রমাগত অপমানজনক ঘটনা ঘটছে। এটা সমগ্র দেশের মর্যাদার প্রতি অপমান। কেন মোদি সরকার এর প্রতিবাদ করল না?’ পাঞ্জাবে কংগ্রেসের পরিষদীয় দলনেতা প্রতাপ সিং বাজওয়া এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘একসময় সিং ইজ কিং কথাটি ভারতের প্রধানমন্ত্রীর মর্যাদাকে তুলে ধরত। ওয়াশিংটনে ডঃ মনমোহন সিং অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন। আর এখন বলা হচ্ছে, মিস্টার সিং রাস্তা থেকে সরে দাঁড়ান!’

Advertisement
সম্পর্কিত সংবাদ