Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

লালগোলায় রান্নার গ্যাস নিয়ে ভোগান্তির প্রতিবাদ কংগ্রেসের

শবদেহের মতো বাঁশের ঝোলায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডারের বড়ো মডেল। সামনে একদল মানুষ খোল, করতাল বাজিয়ে খই ছড়াচ্ছেন

লালগোলায় রান্নার গ্যাস নিয়ে ভোগান্তির প্রতিবাদ কংগ্রেসের
  • ১৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শবদেহের মতো বাঁশের ঝোলায় চাপিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে গ্যাস সিলিন্ডারের বড়ো মডেল। সামনে একদল মানুষ খোল, করতাল বাজিয়ে খই ছড়াচ্ছেন। ঠেলাগাড়িতে একজন প্রান্তিক মহিলা মাটির উনুনে ভাত রান্না করছেন। এমনই অভিনব কায়দায় এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে মানুষের ভোগান্তির প্রতিবাদ জানাল লালগোলা ব্লক কংগ্রেস। এদিন কংগ্রেসের কার্যালয় থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি পুরো লালগোলা বাজার পরিক্রমা করে। পরে স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

কংগ্রেস নেতৃত্বের দাবি, মিছিলে কয়েকশো কংগ্রেস কর্মী-সমর্থক অংশগ্রহণ করেছিলেন। তাঁদের হাতে গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রের নানা নীতির প্রতিবাদে প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। কংগ্রেসের লালগোলা ব্লক সভাপতি যদুরাম ঘোষ মিছিলে নেতৃত্ব দেন। তিনি ছাড়াও কংগ্রেসের লালবাগ মহকুমা সভাপতি মোর্তাজা হোসেন, মহিলা কংগ্রেসের সভানেত্রী দীপশিখা হালদার ও অন্য নেতানেত্রীরা অংশ নেন।
যদুরামবাবু বলেন, আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখিয়ে রান্নার গ্যাসের দাম হাজার টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। মানুষ টাকা দিয়েও সময়মতো সিলিন্ডার পাচ্ছে না। গ্রামের মানুষকে প্রায় ৪৫দিন এবং শহরের মানুষকে প্রায় ২৫দিন অপেক্ষা করতে হচ্ছে। কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃণমূল সরকার মানুষের সমস্যার সমাধানে ব্যর্থ। আন্দোলনকারীরা রান্নার গ্যাসের উপর অতিরিক্ত কর কমানো, সময়মতো এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ