রাঁচি ও নয়াদিল্লি (পিটিআই): স্বচ্ছতা রক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় সংস্কার হবে। জানিয়ে দিল হেমন্ত সোরেন সরকার। তবে সরকারের এই প্রতিশ্রুতিতে ভুলতে নারাজ ঝাড়খণ্ডের প্রতিবাদী পড়ুয়ারা। জেপিএসসি-জেএসএসসি সংস্কার মঞ্চের ব্যানারে প্রতিবাদে শামিল ছাত্রছাত্রীরা জানিয়ে দিলেন, তাঁদের আন্দোলন চলবে। অনিয়মের অভিযোগ ওঠায় একাধিক পরীক্ষা বাতিলের পাশাপাশি সিবিআই বা ভিনরাজ্যের হাইকোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিতে তাঁরা অনড়। এই ইস্যুতে হেমন্ত সোরেন সরকারের শরিক কংগ্রেস ও বিরোধী দল বিজেপির মধ্যে বাগযুদ্ধ তুঙ্গে উঠেছে।
রাঁচিতে পড়ুয়াদের মিছিলে পুলিশের লাঠিচার্জ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। ঘটনার রেশ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। বুধবার সংসদ চত্বরে প্রতিবাদ দেখানোর পাশাপাশি সিবিআই তদন্তের দাবি তুলেছেন এনডিএ শিবিরের সাংসদরা। প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সঞ্জয় শেঠের অভিযোগ, ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাঁচিতে সাংবাদিক বৈঠক করে পালটা সুর চড়িয়েছে কংগ্রেসও। হাত শিবিরের অভিযোগ, বাইরের রাজ্য থেকে লোক ঢুকিয়ে সোমবার ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ মিছিল ভণ্ডুল করেছে বিজেপি। গোটা দেশে ‘এগজাম মাফিয়া’দের সঙ্গে জড়িত রয়েছে বিজেপি। পাছে মুখোশ খুলে যায়, সেই কারণেই ঝাড়খণ্ডে সিআইডি তদন্তের বিরোধিতা করছে তারা। কংগ্রেসের আরও অভিযোগ, সিবিআই হল কেন্দ্রীয় সরকারের হাতের পুতুল। তাই ঝাড়খণ্ডেও সিবিআই তদন্তে প্রত্যাশিত ফল মেলা অসম্ভব।
কংগ্রেস ও বিজেপির এই চাপানউতোরের মধ্যেই ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থীদের আন্দোলন বুধবার ১৯তম দিনে পড়েছে। দাবি পূরণ না হলে তাঁরা আন্দোলন তীব্রতর করার হুমকি দিয়েছেন। অনশন কর্মসূচিতে অংশ নেওয়া চার প্রতিবাদী বর্তমানে ভরতি রয়েছেন রাঁচির সদর হাসপাতালে। তাঁদের অবস্থা স্থিতিশীল। ডেপুটি সুপার জানিয়েছেন, চার জনের মধ্যে রাহুল ক্রান্তি তরল খাবার খেতে শুরু করেছেন। তবে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাত অনশন জারি রেখেছেন। তাঁর অনশন কর্মসূচি ১১ দিনে পড়েছে। হাসপাতাল থেকে খাবার গ্রহণের অনুরোধ করা সত্ত্বেও রাজি হননি মাহাত। সোমবার বিধানসভা অভিযানে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়।