Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুর নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে ঝাঁপাচ্ছে কংগ্রেস, নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন সেপ্টেম্বরে

চলতি বছরের শেষের দিকে রাজ্যে পুরসভা নির্বাচন হতে পারে বলে চর্চা চলছে রাজনৈতিক মহলে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ করানোর পর সেই চর্চা আরও গতি পেয়েছে।

পুর নির্বাচনের আগে সংগঠনের শক্তি বাড়াতে ঝাঁপাচ্ছে কংগ্রেস, নেতাজি ইন্ডোরে কর্মী সম্মেলন সেপ্টেম্বরে
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছরের শেষের দিকে রাজ্যে পুরসভা নির্বাচন হতে পারে বলে চর্চা চলছে রাজনৈতিক মহলে। গত সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ করানোর পর সেই চর্চা আরও গতি পেয়েছে। তাই অনেকেই মনে করছেন, নভেম্বর কিংবা ডিসেম্বরে কলকাতা, হাওড়াসহ বিভিন্ন পুরসভার ভোট হতে পারে। এই আবহে সংগঠনকে শক্তিশালী করে পুর নির্বাচনের মধ্য দিয়ে শহরাঞ্চলে পুনরুত্থানের প্রয়াস নিয়েছে প্রদেশ কংগ্রেস। তার জন্য আগামী মাসে রাজ্যের মূলত পুরসভা এলাকার কর্মীদের নিয়ে সম্মেলনের পরিকল্পনা করছেন প্রদেশ কংগ্রেস নেতারা। 

Advertisement

নিজেদের পায়ে দাঁড়িয়ে সংগঠনকে শক্তিশালী করা—এটাই এখন প্রদেশ কংগ্রেসের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে কলকাতায় এসে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, পুরসভা নির্বাচনে কংগ্রেস একক লড়াই করবে কি না, সেটা প্রদেশ নেতারাই ঠিক করবেন। দিল্লি থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। প্রদেশ কংগ্রেসের নেতারাও বরাবর চাইছেন, একক শক্তিতে লড়াই করেই নির্বাচনে সাফল্য অর্জন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘সেপ্টেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি কর্মী সভা আয়োজন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। পুরসভা এলাকার দলীয় কর্মীদের নিয়ে এই সম্মেলন হবে। এই সম্মেলনে বিভিন্ন জায়গায় কংগ্রেসের সংগঠন নিয়ে আলোচনা হবে এবং আগামী দিনে আমরা পুরসভা নির্বাচন সামনে রেখে কী কী করব, তারও রূপরেখা নির্ধারিত হবে।’
বিধান ভবনের নেতারা চাইছেন, পুরসভা নির্বাচনে যত বেশি সম্ভব ওয়ার্ডে প্রার্থী দিতে। এর ফলে কংগ্রেসের রাজনৈতিক বার্তা যেমন সব জায়গায় পৌঁছে দেওয়া যাবে, তেমনই কংগ্রেস সম্পর্কে সাধারণ মানুষের মতামত সংগ্রহ করা যাবে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরী বলেন, ‘সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ ও প্রদেশ কংগ্রেস সভাপতির পরামর্শে কংগ্রেস কর্মীরা এখন কলকাতা থেকে জেলায় জেলায় উজ্জীবিত। নতুন উদ্যমে সংগঠন শক্তিশালী হচ্ছে। সংগঠন সৃজন কর্মসূচির মাধ্যমেও আমরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করার প্রয়াস নিয়েছি। স্বাভাবিকভাবেই পুরসভা নির্বাচনের আগে আমাদের লক্ষ্য শহরাঞ্চলে আরও বেশি মনোনিবেশ করা। তাই কলকাতায় বড়ো আকারে কর্মী সম্মেলন করা হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ