নয়াদিল্লি: নিট পরিচালনার জন্য পরীক্ষাব্যবস্থা সম্পূর্ণভাবে নিশ্ছিদ্র করা হয়েছে। এই সুরক্ষাস্তর ভেদ করে প্রশ্নফাঁস প্রায় অসম্ভব। বুধবার সুপ্রিম কোর্টে এমনই জানাল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র তৈরি থেকে পরীক্ষার্থীদের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়ায় ঠিক কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা অবলম্বন করা হয়, তা নিয়েও কেন্দ্রের তরফে বিস্তারিত জানানো হয়েছে। সম্প্রতি নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে জেন জি আন্দোলনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শিক্ষামন্ত্রীর ইস্তফা থেকে শুরু করে পরীক্ষা পরিচালক সংস্থা এনটিএ-র অন্দরে নানা গাফিলতি সামনে এসেছে। এই পরিস্থিতিতেও কেন্দ্রের এমন দাবিকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়েছে।
এদিন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, নিটের প্রশ্নবাহী গাড়িগুলিতে জিপিএস সিস্টেম রয়েছে। সামান্য গতিবিধিও রেকর্ড হয়। ‘প্রশ্নব্যাংক’ তৈরি করতে একাধিক মডারেটরকে দায়িত্ব দেওয়া হয়। তাঁরা নিজেরাও জানেন না, কোন প্রশ্ন শেষপর্যন্ত চূড়ান্ত করা হবে। প্রশ্নফাঁস রুখতে নানাভাবে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।
যদিও খুব একটা সন্তুষ্ট হয়নি শীর্ষ আদালত। আগেও এক মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রীতিমতো ভর্ৎসনা করে বলেছিল —অতীত থেকে কোনো শিক্ষা নেয়নি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এদিনের শুনানিতে বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানিয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা করতে এনটিএ-র প্রাতিষ্ঠানিক ত্রুটিগুলি দূর করতে হবে। প্রযুক্তিগত মানোন্নয়নও করতে হবে। এক্ষেত্রে ইউপিএসসি-র তুলনা টেনেছে আদালত। সুপ্রিম কোর্টের বক্তব্য, এই ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাধাকৃষ্ণণ কমিটি ও নন্দন নিলেকানি কমিটির কিছু প্রস্তাব এবং সুপারিশ রয়েছে। সেগুলির বাস্তবায়নে কী কী পদক্ষেপ করা হয়েছে। বিস্তারিত তথ্য সহকারে সেই বিষয়টি জানিয়ে অবিলম্বে একটি হলফনামা জমা দিতে হবে। এরইমাঝে সোমবার ৮টি বিতর্কিত প্রশ্ন নিয়ে ইউপিএসসি-কে নোটিস পাঠাল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (ক্যাট)। ২৪ মে প্রিলিমস-এর পেপারে আটটি প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু হয়। পড়ুয়াদের একাংশের দাবি, প্রশ্নগুলি ভুল। তা নিয়েই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জবাব চাওয়া হয়েছে।