চণ্ডীগড়: বৃহস্পতিবার রাতে জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমিরে আক্রমণের চেষ্টা চালায় পাকিস্তান। কিন্তু তা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। আর পরের মুহূর্তেই চলে পাকিস্তানজুড়ে প্রত্যাঘাত। এই পরিস্থিতিতে আমজনতার নিরাপত্তার কথা মাথায় রেখে যাবতীয় সতর্কতা অবলম্বন করল হরিয়ানা ও পাঞ্জাব সরকার। হরিয়ানার আম্বালা বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি। যে কোনও সময় হামলার আশঙ্কা রয়েছে। তাই শুক্রবার সেখানকার জেলা প্রশাসনের তরফে রাতের বেলায় সম্পূর্ণরূপে ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। আগামী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত প্রতিদিন রাত আটটা থেকে পরের দিন সকাল ছ’টা পর্যন্ত চলবে ব্ল্যাকআউট। এইসময় ইনভার্টার, জেনেরেটর থেকে শুরু করে রাস্তার আলো, বিলবোর্ড সহ সমস্তকিছুই বন্ধ রাখতে হবে। ঘরের মধ্যে যদি আলো জ্বালাতে হয়, সেক্ষেত্রে দরজা, জানালা মোটা কালো পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। যাতে বাইরে থেকে আলো বোঝা না যায়। চণ্ডীগড়ে প্রশাসনের তরফে ইমার্জেন্সি সাইরেন নিয়েও নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে হামলার ইঙ্গিত দিতে রেড অ্যালার্ট সাইরেন বাজানো হবে। আর পরিস্থিতি স্বাভাবিক হলে বাজবে ‘অল ক্লিয়ার সাইরেন’।



