সংবাদদাতা, বনগাঁ: ভোটার তালিকায় নাম তুলতে টাকা চাওয়ার অভিযোগ উঠল বাগদা ব্লকের এক বিএলও’র বিরুদ্ধে। অভিযোগ, বয়রা পঞ্চায়েতের নপাড়া ১২০ নম্বর বুথের বিএলও চন্দ্রকান্ত মণ্ডল টাকা চেয়েছেন। তিনি বয়রা ঝাউখালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এক ভোটারের থেকে বেআইনিভাবে তালিকায় নাম তুলতে টাকা দাবি করেছেন। ওই পরিবারের ৫ জনের জন্য ৫০ হাজার টাকা চেয়েছেন তিনি।
ফোনে নাকি এ বিষয় নিয়ে কিছুক্ষণ দর কষাকষি চলে বিএলও ও ওই পরিবারের এক সদস্যের মধ্যে। সেরকম একটি ফোনালাপ প্রকাশ্যেও আনা হয়েছে। বাগদার প্রাক্তন বিধায়ক দুলাল বর বিএলও’র বিরুদ্ধে ইমেল করে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগকারীর দাবি, বিএলও এবং এক ভোটারের কথোপকথন সেটি। তিনি বলেন, ‘বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়ে সঠিক তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএলও চন্দ্রকান্ত মণ্ডল। তিনি বলেন, ‘আমি নির্বাচন কমিশনের নির্দেশ মতো কাজ করছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’ এছাড়া ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘এআই প্রযুক্তি ব্যবহার করে কেউ অডিও তৈরি করতেই পারেন। আমি এ বিষয়ে কিছু জানি না।’ এবিষয়ে বাগদার বিডিও’র কোনো প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ‘অনেক বিএলও তৃণমূল দ্বারা প্রভাবিত। তাঁরা চেষ্টা করছেন অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখতে।’