


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটকেন্দ্র এবং বুথের পরিকাঠামো নিয়ে অতীতে বহু অভিযোগ কমিশনের কানে এসেছে। যাবতীয় অভিযোগ নিরসনে এবার পদক্ষেপ গ্রহণ করতে উদ্যোগী হয়েছে তারা। ২৬-এর নির্বাচনে রাজ্যের সর্বত্র বুথের ন্যূনতম পরিকাঠামো যাতে একই থাকে, তার জন্য সরকারি এজেন্সি নিয়োগ করতে চাইছে কমিশন।
সূত্রের খবর, রাজ্যের সর্বত্র বুথ তৈরি ও দেখভাল করতে ইতিমধ্যে পূর্তদপ্তরের মাধ্যমে সরকারি এজেন্সি ম্যাকিনটস বার্নকে এই কাজের দায়িত্ব দেওয়া নিয়ে প্রাথমিক কথা বলেছে রাজ্য সিইও দপ্তর। দিন দশেকের মধ্যেই রাজ্য অর্থদপ্তরের কাছে আর্থিক অনুমোদনের জন্য কমিশনের এই প্রস্তাব পাঠানো হবে বলে খবর। রাজ্য আর্থিক অনুমোদন দিলে প্রাথমিক সমীক্ষার কাজ শুরু করবে ওই সরকারি এজেন্সি।
কমিশনের গাইডলাইন অনুযায়ী এতদিন বুথের পরিকাঠামো তৈরি থেকে বুথের জায়গা চূড়ান্ত করা—সবটাই তদারকি করতে হতো জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিকদের। কিন্তু বুথের ন্যূনতম পরিকাঠামো থেকে পানীয় জলের ব্যবস্থা, র্যাম্প তৈরি, শৌচালয়ের ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ থেকে যেত। কমিশনের এক কর্তার কথায়, ‘এক-এক জায়গায় এক-একটি এজেন্সির মাধ্যমে কাজ হওয়ায় সমস্ত বুথ একইরকম না হওয়াটাই স্বাভাবিক। যদি একটি নির্দিষ্ট এজেন্সিকে দিয়েই সব বুথের কাজ করানো যায়, তাহলে এই ফারাক কমবে।’
এজেন্সির মাধ্যমে বুথের পরিকাঠামোর কাজ হলেও নির্দিষ্ট সময় অন্তর সংশ্লিষ্ট জেলাশাসকই গোটা কাজের তদারকি করবেন। যে এজেন্সি এই কাজের দায়িত্ব থাকবে, তাদের একজন প্রতিনিধি ভোট শুরুর আগে থেকেই রাজ্য সিইও দপ্তরে হাজির থাকবেন এবং জেলাস্তরে জেলাশাসকদের সঙ্গে সমন্বয়কারী হিসেবে ওই এজেন্সির এক বা একাধিক প্রতিনিধি সংযুক্ত থাকবেন। সবটাই আপাতত প্রস্তাব আকারে রাজ্যের কাছে পাঠানো হয়েছে। আর্থিক অনুমোদন মিললেই এই কাজ শুরু হবে বলে খবর।