নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক কলেজ ছাত্রীকে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে শাসন থানা এলাকায়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক সেখ সাহাবুদ্দিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাসনের একটি বেসরকারি স্কুলের শিক্ষক সাহাবুদ্দিন। বর্তমানে টাকি গভঃ কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া ওই নির্যাতিতা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাহাবুদ্দিন যে স্কুলের শিক্ষক, সেখানেই পড়াশোনার সময় নির্যাতিতার সঙ্গে তার পরিচয় হয়। দু’দিন আগে রাতের বেলা তরুণীকে বাড়ির বাইরে আসতে বলে সাহাবুদ্দিন। সে শিক্ষক বলেই তরুণী সাতপাঁচ না ভেবে বাড়ির বাইরে আসেন। বাড়ির বাইরে এলেই তাঁকে সাহাবুদ্দিন যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে শাসন ধারায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা পরিবার। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।