নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত মরশুমে হিমঘরে আলু সংরক্ষণ করে ২২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করল রাজ্যের হিমঘর মালিকদের সংগঠন। সোমবার রাজারহাট নিউটাউনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এই দাবি ওঠে। তবে তা মানতে চাননি সেখানে উপস্থিত রাজ্যের পঞ্চায়েত ও সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদার। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, গত বছর কৃষক স্বার্থে রাজ্য সরকার আলুর ন্যূনতম সংগ্রহ মূল্য ৯০০ টাকা প্রতি কুইন্টাল ঘোষণা করেছিল। ওই সংগ্রহ মূল্য যাঁরা গ্রহণ করেছেন, তাঁদের লোকসান হয়নি। ব্যবসায়ীদের থেকে প্রলুব্ধ হয়ে যাঁরা অন্য ব্যবস্থা নেন, তাঁদের ক্ষতি হয়েছে। প্রতি কেজি আলুর বন্ড ৭ টাকায় বিক্রি হলেও বাজারে কেন ১৮-২০ টাকা কেজি দরে আলু বিক্রি হল, সেই প্রশ্ন তোলেন মন্ত্রী। তবে হিমঘর শিল্পের উন্নতি ও আধুনিকীকরণের জন্য রাজ্য সরকার পাশে আছে বলে জানান তিনি। অনুষ্ঠানে কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না আলু চাষিদের অবস্থার উন্নয়ন ও হিমঘরে আলু মজুতের ব্যবস্থা উন্নত করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন।



