নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাজের সন্ধানে বাংলা ছেড়ে চলে যাওয়া কর্মীদের ফিরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ‘পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার চলছে। শিল্প ও কর্মসংস্থানের নতুন দিশা দেখা দিয়েছে। আগামী দিনে চাকরি বা কাজের জন্য বাংলার মানুষকে রাজ্যের বাইরে যেতে হবে না।’ বৃহস্পতিবার নিউটাউনের সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি সংস্থা এলটিএম-এর নতুন অফিস ‘আনন্দ নিকেতন’-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠানে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে অত্যন্ত দক্ষ কর্মীরা আছেন। তাঁরা কাজের সূত্রে রাজ্যের বাইরে বা বিদেশে চলে যাচ্ছেন। আমার আশা, এলটিএমের এই প্রজেক্টটি চালু হওয়ার পর তাঁরা রাজ্যে ফিরে আসবেন।’ প্রসঙ্গত, এই প্রকল্পে দু’টি টাওয়ার মিলিয়ে মোট ৫ হাজার ৮০০ জনের কাজের সুযোগ তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই নতুন ক্যাম্পাস জোরালো বার্তা দিচ্ছে যে রাজ্য তার পুরানো সংস্কৃতিতে ফিরতে পারে। আমাদের ডবল ইঞ্জিন সরকারের লক্ষ্য খুব স্পষ্ট। আমরা নতুন করে বাংলাকে গড়তে চাই। এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, যাঁরা কাঁদছেন। তাঁদের ব্যবসা চাই। কাজ চাই। তাঁরা বাংলায় কাজ করতে চান। কিন্তু আগের পরিস্থিতি তাঁদের সহায় ছিল না। রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে ডবল ইঞ্জিন সরকার হাত বাড়িয়ে দেবে। আমাদের সরকার ছোটো শিল্পকে উৎসাহ দিতে কেন্দ্রীয় প্রকল্পগুলি চালু করতে প্রস্তুত।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এল অ্যান্ড টি রাজ্যে বারবার ফিরে আসবে ও আরও বিনিয়োগ করবে। হায়দরাবাদ, বেঙ্গালুরু, পুনে বা নাগপুরে কাজের জন্য যেসব উচ্চ শিক্ষিতরা চলে গিয়েছেন, তাঁরা ঘরে ফিরুন।’ এই তথ্যপ্রযুক্তি সংস্থাকে তিনি আশ্বাস দিয়েছেন, ডেটা সেন্টার তৈরির জন্য তাদের চাহিদা মতো আরও ১০ একর জায়গা দেওয়া হবে। হিডকো সেই জায়গার ব্যবস্থা করবে।
প্রসঙ্গত, ১৯ একর জমির উপর নয়া গ্লোবাল ডেলিভারি সেন্টার তৈরি করছে এলটিএম। লগ্নির পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। প্রায় সাড়ে সাত লক্ষ বর্গফুটের এই ডেলিভারি সেন্টারের প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ বর্গফুট আয়তনের প্রথম টাওয়ারটির উদ্বোধন হয় এদিন। পরবর্তীকালে আরও ২.৫ লক্ষ বর্গফুটের দু’টি টাওয়ার তৈরি করা হবে বলে জানিয়েছে এল অ্যান্ড টি।