মোহন বাগান- ১ : ইউনাইটেড কলকাতা- ০
মোহন বাগান- ১ : ইউনাইটেড কলকাতা- ০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেফারির একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। ইউনাইটেড কলকাতার গা জোয়ারি ফুটবল। সুহেল ভাটের ভুরি ভুরি গোল মিস। সব মিলিয়ে মঙ্গলবার মোহন বাগান মাঠে ঘটনার ঘনঘটা। তার মধ্যেই ঘরোয়া লিগের ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ১-০ গোলে হারাল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি সুহেল ভাটের। জিতলেও দলের পারফরম্যান্স অবশ্যই চিন্তায় রাখবে কোচ বাস্তব রায়কে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই গঙ্গাপাড়ের ক্লাবে ধুধুমার কাণ্ড। মাঠ ছাড়ার সময় সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন রেফারি। ধাক্কাধাক্কিরও শিকার হতে হয় তাঁকে। রোষের মুখে পড়লেন ইউনাইটেড কলকাতার ফুটবলাররাও। তাঁবু থেকে বের হওয়ার মুখে এক সমর্থক হাত তুললেন জবি জাস্টিনের উপর। আসলে তাঁর গাজোয়ারির ফুটবলের কারণেই উত্তাপ বেড়েছিল ম্যাচে।
একই দিনে দু’প্রধানের খেলা থাকায় দীর্ঘদিন পর গমগমে কলকাতা ময়দান। ইস্ট বেঙ্গল মাঠের পাশাপাশি সবুজ-মেরুন গ্যালারিতেও উপচে পড়েছিল সমর্থকদের ভিড়। মোহন বাগান মাঠে অবশ্য উৎসবের আবহে তাল কাটলেন রেফারি। তাঁর একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের উত্তাপ বাড়ায়। অফ-সাইডে গোল বাতিল ও ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয় মোহন বাগান। তারই মধ্যে প্রথমার্ধের শেষদিকে সায়নের পাস থেকে দলকে এগিয়ে দেন সুহেল ভাট (১-০)। বিরতির পর জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের অমিত টুডু। এরপর উমেরকে জঘন্য ফাউল করেন জবি। মার্চিং অর্ডারের পর মেজাজ হারিয়ে মোহন বাগানের অফিসিয়ালদের সঙ্গে বচসায় জড়ান এই কেরালাইট ফুটবলার। যাইহোক, ম্যাচে ইউনাইটেড কলকাতাও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ বিদ্যাসাগর সিং।
এদিকে, মোহন বাগান দিবস উপলক্ষ্যে সেজে উঠেছে গঙ্গাপাড়ের ক্লাব তাঁবু। বুধবার পতাকা উত্তোলনের মাধ্যমে সূচনা হবে অনুষ্ঠানের। বিকেলে প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। মূল অনুষ্ঠান বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। পুরস্কার বিতরণের পর মঞ্চ মাতাবেন গায়ক সুদেশ ভোঁসলে। উল্লেখ্য, বিশেষ আমন্ত্রণ পেয়ে এদিন মোহন বাগান ক্লাবে এসেছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কিছুক্ষণ ম্যাচ দেখার পাশাপাশি ক্লাব তাঁবুও ঘুরে দেখেন। বৃহস্পতিবারের অনুষ্ঠানেও থাকবেন তিনি।