দেরাদুন, ২৯ জুন: উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই কারণেই আগামী ২৪ ঘণ্টার জন্য স্থগিত করে দেওয়া হয়েছে চারধাম যাত্রা। পুণ্যার্থীদের চারধামের উদ্দেশে রওনা দিতে নিষেধ করা হয়েছে। আগামী কাল, সোমবার আবহাওয়ার পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গাড়ওয়াল ডিভিশনের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। দিল্লির মৌসম ভবনের তরফে উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। তাই বাড়তি সতর্কতা নিচ্ছে উত্তরাখণ্ড প্রশাসন। এর মাঝেই আজ, রবিবার সকালে উত্তরকাশীর বালিগড়ে বারকোট-যমুনোত্রী সড়কে মেঘভাঙা বৃষ্টির ফলে বিপত্তি ঘটেছে। ওই এলাকায় একটি নির্মীয়মাণ হোটেলে কাজ করছিলেন শ্রমিকরা।



