নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মন্দিরতলায় নির্মীয়মাণ দুর্গাপ্রতিমা ভাঙচুরের প্রতিবাদে এবার শিবপুর থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল মৃৎশিল্পীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আর্থ পট মেকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকালে সংগঠনের হাওড়া জেলা কমিটির সদস্যরা থানায় গিয়ে ডেপুটেশন দেওয়ার পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর সাজার দাবি জানান। ইতিমধ্যেই এই ঘটনায় সাহেব সিংহ রাজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংগঠনের দাবি, প্রতিমা তৈরির গোলায় ঢুকে একাধিক দুর্গাপ্রতিমা ভাঙচুরের ঘটনার পিছনে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। শুধু একজনের পক্ষে এভাবে একাধিক প্রতিমা ভাঙচুর করা সম্ভব নয় বলেই মনে করেন মৃৎশিল্পীরা। পাশাপাশি শিল্পী ও কারিগরদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছে সংগঠন। এরই মধ্যে হুমকির অভিযোগ তুলেছেন ওই গোলার মালিক তথা মৃৎশিল্পী অচিন্ত্য ভট্টাচার্য। তাঁর অভিযোগ, সোমবার রাতে অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করে ভয় দেখানো হয়। রাস্তার পাশে আর দুর্গাপ্রতিমা রাখা যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তাঁর দাবি। বিষয়টি নিয়ে আইনি পথে যাওয়ার কথা জানিয়েছে সংগঠন। সংগঠনের রাজ্য সভাপতি মোহনলাল প্রজাপতি বলেন, ‘ওই এলাকায় প্রতিমা ভাঙার ঘটনা এই প্রথম নয়। আগেও ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে। তবে এবার পুলিশ ব্যবস্থা নিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক সাজা হোক।’