• জয়নগর মজিলপুর শিবনাথ শাস্ত্রী সদনে সদ্য অনুষ্ঠিত হল ‘তরঙ্গ সঙ্গীত অ্যাকাডেমি’ আয়োজিত এক মনোজ্ঞ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা ‘মূর্ছনা’। বিভিন্ন রাগপ্রধান গান পরিবেশন করেন সংস্থার ছাত্র-ছাত্রীরা। ইমন রাগে খেয়াল পরিবেশন করেন প্রতীক চক্রবর্তী। তাঁকে তবলায় সঙ্গত করেন সুভাষ পাল, হারমোনিয়ামে প্রতীম চক্রবর্তী এবং তানপুরায় অংশু ঝা ও অরিত্র চক্রবর্তী। বসন্ত বাহার রাগে প্রতীক ও প্রতীমের দ্বৈত কণ্ঠে বন্দিশ পরিবেশনও ছিল মনে রাখার মতো। কত্থক নৃত্যে মন্দিরা পাল ও বাগেশ্রী রাগে প্রীতম বন্দ্যোপাধ্যায়ের সেতার পরিবেশনাও ছিল উল্লেখযোগ্য। প্রীতমকে তবলায় সঙ্গত করেন অয়ন চক্রবর্তী। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কসুর পাতিয়ালা ঘরানার অন্যতম ধারক ও বাহক কুমার মুখোপাধ্যায়ের কণ্ঠসঙ্গীত। তাঁর কণ্ঠে সুরের জাদু ও তাল-লয়ের খেলা দর্শকের কাছে উপভোগ্য হয়ে ওঠে। অনুষ্ঠানে বর্ষীয়ান তবলা বাদক পণ্ডিত কানাই লাল ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয়।



