নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: দোলের দিন শহর ও শহরতলিতে একাধিক জায়গায় বচসা, মারধরের অভিযোগ উঠল। বাইক পার্কিংকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকার রাজপুর। দু’পক্ষের হাতাহাতিতে জখম হন ৫ জন। অভিযুক্তদের মধ্যে অনেকেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ। পাশাপাশি কলকাতাজুড়ে একাধিক জায়গায় মদ্যপ অবস্থায় অভব্যতার অভিযোগ উঠল। মঙ্গলবার দিনভর চলা টহলদারিতে ৩৩০ জন মদ্যপকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। দোল উপলক্ষ্যে রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় মেলা বসেছে। স্থানীয় কিছু যুবক বাইক, সাইকেল জমা রাখার জন্য একটি অস্থায়ী গ্যারাজ করেছিলেন। অভিযোগ, এক যুবককে জোর করে সেখানে বাইক রাখতে বলা হয়। আপত্তি জানাতেই দু’পক্ষের কথা কাটাকাটি হয়। রাতের দিকে গ্যারাজের ছেলেরা লাঠি, বাঁশ হাতে ওই যুবকের খোঁজে এসে পাড়ায় তাণ্ডব শুরু করে বলে অভিযোগ। বেশ কয়েক জন জখম হন। তাঁদের ঠেকাতে এগিয়ে যান সঞ্জয় সাউ নামে এক যুবক। তাঁকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বাদ যাননি মহিলারাও। বেশ কয়েকজনকে ধাক্কা মারা হয়েছে। সংঘর্ষের জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকায় পিকেট বসানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তবে বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।



