নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনৈতিক অঙ্গন থেকে সুপ্রিম কোর্ট—নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেশজুড়ে। অবিজেপি রাজনৈতিক দলগুলির প্রশ্ন, ১২ বছর ধরে ক্ষমতায় রয়েছে মোদি সরকার। যদি তারা মনে করে আধার, ভোটার, পাসপোর্ট, প্যান কোনোটাই ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র নয়, তাহলে কেন এতদিনেও একটি নাগরিকত্ব কার্ড কেন করা গেল না? এই লাগাতার চাপানউতোরের মধ্যেই এবার শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার একটি নাগরিকত্ব কার্ড আনার পরিকল্পনা করেছে। যদিও এই উদ্যোগ নতুন নয়। আগেও এই নিয়ে একাধিকবার জল্পনা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে, অস্বস্তি কাটাতে নাগরিকত্ব কার্ডের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদে আসতে পারে বিল। আগামী বছরের বাজেটে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের জন্য বরাদ্দ করার প্রস্তাবও এসেছে। সরকারি সূত্রের খবরল যেহেতু এতদিন সেন্সাস হয়নি এবং প্রকৃত জনসংখ্যার পরিসংখ্যান আসেনি, তাই সিটিজেনশিপ কার্ড করা যাচ্ছিল না। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে সেন্সাস। মার্চ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ২০২৮ সালে পূর্ণাঙ্গ সেন্সাস রিপোর্ট আসবে। তারপরেই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের কাজ শুরু হবে। ২০২৯ সালের লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব কার্ড পাবেন নাগরিকরা, সেই সম্ভাবনাই উজ্জ্বল।



