ইরফান খান ছিলেন রসিকা দুগ্গলের অন্যতম পছন্দের অভিনেতা। প্রয়াত অভিনেতার পুত্র বাবিলও তাঁর পছন্দের। প্রথমবার বাবিলের সঙ্গে অভিনয় করার পর তরুণ অভিনেতাকে প্রশংসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী। আসন্ন ‘লগআউট’ ছবিতে বাবিলের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করেছেন রসিকা। তিনি বলেন, ‘অভিনেতা বাবিলকে নিয়ে আমার কৌতূহল ছিল। সত্যিই ওর মধ্যে অনেক কিছু রয়েছে। কাজের জায়গায় সামনে থেকে ওর সেরা পারফরম্যান্স দেখে খুব ভালো লেগেছে।’ কেরিয়ারের শুরুর দিকে ইরফানের সঙ্গে ‘কিস্যা’ ছবিতে কাজ করেছিলেন রসিকা। সেসময়ই প্রথম বাবিলের সঙ্গে পরিচয় হয় তাঁর। ‘আমার কেরিয়ারের শুরুতে বাবিলের সঙ্গে আলাপ হয়েছিল। আবার ওর কেরিয়ারের শুরুতে আমি ওর সঙ্গে কাজ করলাম। ঠিক যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল’, বলেন রসিকা।



