কলকাতা, ৬ ফেব্রুয়ারি: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। খেলবেন না তারকা বোলার জশ হ্যাজেলউডও। তাঁদের খেলা নিয়ে আগে থেকেই আশঙ্কা ছিল। অবশেষে সেই আশঙ্কাতেই শিলমোহর পড়ল। আজ, বৃহস্পতিবার সরকারিভাবে ঘোষণা হয়ে গেল। চোট সমস্যায় জর্জরিত অস্ট্রেলিয়ার একাধিক ক্রিকেটার। আগেই চোটের জন্য ছিটকে গিয়েছেন মিচেল মার্শ। এবার কামিন্স এবং হ্যাজেলউডের মতো দুরন্ত দুই পেসারকেও হারাল অজিরা। গোড়ালির চোটের সমস্যায় ভুগছেন অজি অধিনায়ক। ফিট নয় হেজেলউডও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে বড়সড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া, তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে, আজই একদিনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন তারকা অলরাউন্ডার মার্কাস স্টোইনিস। চ্যাম্পিয়নস ট্রফির জন্য যে প্রাথমিক দল গঠন করেছিল অস্ট্রেলিয়া, সেই দলেও তিনি ছিলেন। ফলে এবার পরিবর্তন হিসেবে একাধিক ক্রিকেটার খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে।



