Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চাষে ক্ষতির হিসেব নিয়ে এখনও চলছে পর্যালোচনা

চাষে ক্ষতির হিসেব নিয়ে এখনও চলছে পর্যালোচনা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ডানা ঘূর্ণিঝড়ে দক্ষিণ ২৪ পরগনায় চাষে ক্ষতির পরিমাণ এখনও চূড়ান্ত করা গেল না। কারণ ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে যতটা মনে করা হয়েছিল, তা ক্রমশ কমছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠকে উদ্যানপালন এবং কৃষিবিভাগ মিলিয়ে প্রায় সাত হাজার হেক্টর জমির চাষে ক্ষতির হিসেব পেশ করা হয়েছিল। কিন্তু পরে বিভিন্ন ব্লক থেকে যে খবর আসে, সেই অনুসারে এই পরিসংখ্যানে ফের বদল হতে পারে। কারণ বেশ কিছু জায়গায় ক্ষতির যেমন আশঙ্কা করা হয়েছিল, সেখানে তেমন কিছু হয়নি। আগামী সপ্তাহে চূড়ান্ত হিসেব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার আধিকারিকদের মতে, অযোগ্য কেউ যাতে ক্ষতিপূরণ না পান, তার জন্য প্রশাসন খুব সাবধানী। তাই বারেবারে পর্যালোচনা করা হচ্ছে।
Advertisement
ঘূর্ণিঝড়ের পর যখন প্রথম হিসেব করা হয়েছিল, তখন ৬০ হাজার হেক্টরের বেশি জমির চাষ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে ধরা হয়েছিল। পরবর্তী পর্যালোচনায় তা কমে হয় ৫০ হাজার হেক্টর। কিন্তু গত বুধবার মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় হিসেব আরও কমে দাঁড়ায় মাত্র সাত হাজার হেক্টরের মতো। আপাতত ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ধরা হয়েছে প্রায় ৩০ হাজার। চূড়ান্ত রিপোর্ট পেশ করার আগে আরও একবার তা খতিয়ে দেখা হবে। 
সম্পর্কিত সংবাদ