Bartaman Logo
১৯ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

চোরের উপদ্রব বাড়ছে জয়নগর শহরে, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

চোরের উপদ্রব বাড়ছে জয়নগর শহরে, অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বারুইপুর: কখনও বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরি হচ্ছে। আবার কখনও পাঁচিল টপকে ভিতরে ঢুকে জলের পাম্প নিয়ে পালাচ্ছে চোরের দল। অনলাইনে বা থানায় গিয়ে এনিয়ে অভিযোগও জানিয়েছেন নাগরিকরা। কিন্তু কোনও চুরির নাকি কিনারা হয়নি এখনও। এমনই অবস্থা জয়নগর-মজিলপুর পুরসভা এলাকায়। দিনের পর দিন এইভাবে চুরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অতিষ্ঠ হয়ে উঠছেন বাসিন্দারা। তবে বারুইপুর পুলিস জেলার এক আধিকারিক বলেছেন, বিষয়টি দেখছি। জয়নগর মজিলপুর পুরসভায় ১৪টি ওয়ার্ড। অধিকাংশ ওয়ার্ডেই ডিসেম্বর মাসে এমন চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। ৫ নম্বর ওয়ার্ডের মজিলপুর বোসপাড়ার বাসিন্দা আইনজীবী সুনীল দাস বলেন, ডিসেম্বরের শেষ দিকে বাড়িতে গাড়ি রাখার ঘরের তালা ভেঙে জলের পাম্প মেশিন, পিতলের বালতি চুরি হয়ে যায়। থানায় অভিযোগ জানানোর পরে পুলিস এসেছিল। কিন্তু তারপরে আর কোনও কাজ হয়নি। ওই ৫ নম্বর ওয়ার্ডেরই চক্রবর্তীপাড়ার বাসিন্দা অরুণ ঘোষ বলেন, আমি অন্য জায়গায় থাকি। বাড়িতে কেউ থাকেন না বলে পরপর দু’বার চুরি হয়ে গেল– ডিসেম্বর একবার ও জানুয়ারি মাসের শুরুতে ফের। আলমারি ভেঙে সব জিনিস নিয়ে গিয়েছে। প্রথমবার অনলাইনে অভিযোগ জানিয়েছিলাম। পুলিস গুরুত্ব দেয়নি। তাই দ্বিতীয়বার চুরি হলেও আর অভিযোগ করিনি। ওই চক্রবর্তীপাড়ার এক বাসিন্দা ভবানী মাইতি বলেন, চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই মাসেই আমাদের বাড়ির কল ভেঙে নিয়ে চলে গিয়েছে। মোটর পাম্পও খোয়া গিয়েছে। এছাড়া ৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়ার বাসিন্দা রবীন মণ্ডল বলেন, চুরি বেড়েই চলেছে এলাকায়। চলতি মাসেই পাঁচিল টপকে চোরের দল ভিতরে এসে পাম্প ঘরের তালা ভেঙে মোটর পাম্প নিয়ে চলে গিয়েছে। এলাকায় রাতে পুলিসের টহলদারি বাড়ানো দরকার। তবেই চুরির দাপট কমবে। জয়নগরের মতিলাল পাড়াতেও হয়েছে চুরির ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, সাইকেল, মোটর পাম্প খোয়া গিয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ