Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চেয়ারম্যানের বিরুদ্ধে সরব, দলনেত্রীকে চিঠি

চেয়ারম্যানের বিরুদ্ধে সরব, দলনেত্রীকে চিঠি
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল মাথাচাড়া দিয়েছে সিউড়ি পুরসভার অন্দরে। পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই কিছু কাউন্সিলার। বিভিন্ন কাজে অনিয়মের অভিযোগ তুলে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দলনেত্রী ও জেলা তৃণমূলের কোর কমিটিকে চিঠি দিয়েছেন তাঁরা। তাঁদের অভিযোগ, অম্রুত ২.০ জল প্রকল্প সহ সিউড়ি শহরে পুকুর বুজিয়ে বহুতল নির্মাণ, শহরের একটি প্রাচীন পুকুর সংস্কারে বেনিয়ম হয়েছে। এছাড়াও আরও একাধিক বেনিয়মের ঘটনা তুলে ধরে ওই কাউন্সিলাররা মুখ্যমন্ত্রী, জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল সহ কোর কমিটিকে চিঠি লিখেছেন। এদিকে বেশকিছু কাউন্সিলার আবার চেয়ারম্যানের পক্ষে সওয়াল করেছেন। তাঁরাও একটি পাল্টা প্রতিবাদপত্রে সই করেছেন। সেই প্রতিবাদপত্রটি মুখ্যমন্ত্রীর কাছে পাঠাতে চলেছেন চেয়ারম্যান। চেয়ারম্যান বিরোধী কাউন্সিলারদের অভিযোগ, পুরসভায় একাধিক কাজের ক্ষেত্রে অনিয়ম চলছে। নিজের অনুগামী ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, শহরের বিভিন্ন পুকুর বুজিয়ে দিয়ে বহুতল নির্মাণে অনুমোদন দেওয়া, বেনেপুকুর পাড়ার পুকুর সংস্কারে বেনিয়মের জেরে সৌন্দর্যায়নের কাজ বন্ধ হয়ে যাওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন তাঁরা। 
Advertisement
উল্লেখ্য, সিউড়ি পুরসভা তৃণমূলের দখলে। সেখানে ২১টি ওয়ার্ডেই জিতেছেন তৃণমূলেরই প্রার্থীরা। তবে চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের বিরোধী ও অনুগামী— এই দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছেন তাঁরা। জানা গিয়েছে, চেয়ারম্যান বিরোধী গোষ্ঠীর কাউন্সিলাররা কয়েকদিন আগে চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম এবং সিউড়ি শহরের উন্নয়নের বেহাল অবস্থার ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। এই ঘটনার পরই চেয়ারম্যান পুরসভার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার প্রতিবাদ জানিয়েছেন। তাতে তিনি লিখেছেন, পুরসভার উদ্যোগ শহরে পানীয় জলের নতুন প্রকল্প, সিউড়ি উৎসব চালু, শহরে আলোকসজ্জা, শহরকে যানজট মুক্ত করতে টোটোতে কিউআর কোড চালু সহ একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ করা হয়েছে। কিন্তু তারপরও কিছু কাউন্সিলার এইসব কাজে বাধা সৃষ্টি করছেন। তাঁরা ভিত্তিহীন অভিযোগ তুলে প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সংবাদ মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানোর চেষ্টা করছেন। চেয়ারম্যানের সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং কাউন্সিলারদের প্রতিবাদী চিঠি পুরসভায় গোষ্ঠী কোন্দলের চিত্র প্রকাশ্যে এনেছে। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে বিষয়টি দেখতে বলেছেন। 
এই প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান বলেন, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। শহরে অভূতপূর্ব উন্নয়নের কাজ হচ্ছে। গুটিকয়েক কাউন্সিলার এই উন্নয়নের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। বাকি সিংহ ভাগ কাউন্সিলার এর প্রতিবাদ জানিয়েছেন আমার কাছে। সেই প্রতিবাদপত্র দু’ দিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ও জেলা সভাপতি সহ কোর কমিটির কাছে পাঠানো হবে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ