নয়াদিল্লি: কথায় বলে ‘অতি লোভে তাঁতি নষ্ট’। মদের দোকানে চুরি করতে ঢুকেছিল এক দুষ্কৃতী। ক্যাশবাক্স থেকে টাকাপয়সা তুলে নেয় সে। তারপর ফাঁকা দোকানে বসে মদ্যপান করতে গিয়েই বিপাকে পড়ে চোর। নেশায় বেহুঁশ হয়ে পড়ে সে। পরেরদিন সকালে পুলিস এসে হাতকড়া পরালেও সম্বিত ফেরেনি। পুলিস জানিয়েছে, রবিবার গভীর রাতে একটি মদের দোকানের টালি খুলে প্রবেশ করে ওই দুষ্কৃতী। প্রথমে সিসি ক্যামেরা অকেজো করে দেয়। ক্যাশবাক্স ভেঙে টাকা-পয়সা গুছিয়ে নেয় ব্যাগে। নির্বিঘ্নে সব মিটে যাওয়ার পর বোতল বোতল মদ দেখে গলা ভেজানোর ইচ্ছা হয় তার। পরেরদিন সকাল ১০টা নাগাদ দোকান খুলে এক কর্মী দেখেন, মেঝেতে বেঘোরে ঘুমোচ্ছে একজন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। ওই কর্মী থানায় খবর দেন।



