সংবাদদাতা, উলুবেড়িয়া: দিন কয়েক আগে দিনেদুপুরে উলুবেড়িয়া শহরের ওটি রোডে ভক্তার মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিসকর্মীর বাইক চুরি করে পালিয়েছিল এক দুষ্কৃতী। যদিও তদন্তে নেমে একদিনের মধ্যেই বাইকচোরকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া বাইকও উদ্ধার করেছিল উলুবেড়িয়া থানার পুলিস। পরে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও ১৮টি চুরি যাওয়া বাইক উদ্ধার করে তারা। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, চুরি হওয়া বাইক উদ্ধারের পাশাপাশি এক দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাইক চুরির পরেই পুলিসের চোখে ধুলো দেওয়ার জন্য চুরি করা বাইকের নম্বর প্লেট বদলে দিত। পাশাপাশি ইঞ্জিনের নম্বরও নষ্ট করে দিত।



