Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

চার বছরেও রাস্তায় নামানো হল না সেসপুল ক্লিনার, পরিষেবা অমিল

চার বছরেও রাস্তায় নামানো হল না সেসপুল ক্লিনার, পরিষেবা অমিল
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, হলদিবাড়ি: গ্রামীণ এলাকার মানুষকে আধুনিক পরিষেবা পৌঁছে দিতে বছর চারেক আগে সেসপুল ক্লিনার কিনেছিল হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি। কিন্তু সেই সেসপুল ক্লিনার ব্যবহার করা হয়নি। বাড়ি থেকে মল সংগ্রহ করার জন্য কেনা গাড়িটি খোলা আকাশের নীচে রাখা হয়েছে। ফলে রোদ-ঝড়-জলে গাড়িটি অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে। হলদিবাড়িবাসী দ্রুত সেসপুল পরিষেবা চালুর দাবি জানিয়েছেন। এতদিন নানা কারণে পরিষেবা চালু করা না গেলেও দ্রুত তা চালুর আশ্বাস দিয়েছে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি। 
Advertisement
উল্লেখ্য, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতি ২০২০-’২১ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশন থেকে প্রাপ্ত টাকায় কেনে সেসপুল ক্লিনারটি। ব্যবহার না করে গাড়িটি হলদিবাড়ির সীমান্ত ভবনের সামনে ফেলে রাখা হয়েছে। হাওয়া কমে চাকা বসে গিয়েছে। মরচে ধরেছে গাড়ির বাইরের অংশে। স্থানীয় বাসিন্দা সুবল রায় বলেন, যে উদ্দেশ্যে সেসপুল ক্লিনারটি কেনা হয়েছিল তা সেই কাজে লাগল না। গাড়িটি রাখার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা উচিত ছিল, সেটাও করা হয়নি। এককথায় সরকারি অর্থ অপচয় করা হল। খোলা আকাশের নীচে ফেলে রাখায় গাড়িটি হয়তো আর চলার উপযুক্ত অবস্থায় নেই। ডাম্পিং গ্ৰাউন্ড করা হয়েছে। তারপরও সেসপুল ক্লিনারটি সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। 
এ বিষয়ে হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় বলেন, হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে আমরা ডাম্পিং গ্রাউন্ড তৈরি করেছি। কিছু কারণে গাড়িটি রাস্তায় নামানো যায়নি। যদি কোনও মেরামতের প্রয়োজন হয় তবে আমরা তা করে খুব শীঘ্রই সেসপুল ক্লিনার পরিষেবা চালু করে দেব।
Advertisement
সম্পর্কিত সংবাদ