নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জোড়াবাগান থানা এলাকার নতুন বাজারের কাছে মুরগিপট্টিতে চপার দিয়ে খুনের চেষ্টা হলো এক যুবককে। রবিবার রাত আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে। অমিত সোনকার ওরফে খরগোশ নামে যুবক আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত উত্তম সোনকারকে খুঁজছে পুলিস।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, অমিতের বাড়ি মুরগিপট্টি এলাকায়। কিছুদিন আগে সে জামিনে ছাড়া পায়। এদিন সন্ধ্যায় নিজের বাড়িতেই অমিত ও উত্তম ঝামেলায় জড়িয়ে পড়ে। গোলমাল চরম আকার নেয়। অভিযোগ তখন উত্তম তার বাড়ি থেকে চপার নিয়ে এসে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অমিতকে। তার দু’হাত, পা ও পিঠে আঘাত লাগে। নিজের ঘরের মধ্যে রক্তাক্ত হয়ে পড়েন সে। রক্তে ভাসতে থাকে ঘরের মেঝে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা এসে দেখেন, অমিতের শরীর থেকে গলগল করে রক্ত ঝরছে। খবর দেওয়া হয় জোড়াবাগান থানায়। পুলিস একে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানেই অমিত চিকিৎসাধীন। পুলিসকে সে জানিয়েছে, ঝামেলা থেকেই এই গোলমালের ঘটনা ঘটেছে। আহত যুবকের অবস্থা আপাতত স্থিতিশীল। কী নিয়ে ঝামেলা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিস।



