Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চেন্নাইয়ে অতিথিশালা গড়ছে রাজ্য, দায়িত্বে আবাসন দপ্তর

চেন্নাইয়ে অতিথিশালা গড়ছে রাজ্য, দায়িত্বে আবাসন দপ্তর
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে স্বপ্ন সত্যি হতে চলেছে। চেন্নাইয়ে তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা। চিকিৎসার কারণে রাজ্যের হাজার হাজার মানুষ পাড়ি দেন চেন্নাই সহ দক্ষিণ ভারতের বেশ কয়েকটি শহরে। রোগীর চিকিৎসার কারণে সেখানেই পরিজনদের কাটাতে হয় মাসের পর মাস। ফলে হোটেল খরচ বাবদ ব্যয় হয় কয়েক হাজার টাকা। এর হাত থেকে রাজ্যের মানুষকে রেহাই দিতেই চেন্নাইয়ে অতিথিশালা তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে নানা কারণে এই প্রকল্প এতদিন বাস্তবায়িত করা যায়নি। এবার নতুন করে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আবাসন দপ্তরকে। ইতিমধ্যেই ‘প্ল্যান এস্টিমেট’ বা প্রকল্পের সম্ভাব্য খরচ কত হতে পারে, সেই রিপোর্ট জমা পড়েছে অর্থদপ্তরে। এবার অর্থদপ্তর ছাড়পত্র দিলেই দরপত্র ডেকে অতিথিশালা তৈরির কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রে খবর। 
Advertisement
চেন্নাইয়ের পল্লিকারানাই এলাকায় অতিথিশালা তৈরির জন্য জমি কেনা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ভবনের নকশা হবে আন্তর্জাতিক মানের। সেই মতো বাড়ি নির্মাণে সম্ভাব্য খরচ কত, তাও নির্ধারণ করা হয়েছে। কীভাবে এটি নির্মাণ করা হবে, তার পরিকল্পনা ইতিমধ্যেই ছকে ফেলেছে আবাসন দপ্তর। সূত্রের খবর, অনলাইনে এই অতিথিশালা বুকিং করা যাবে। যাতে ট্রেনে বা বিমানে ওঠার আগেই বুকিংয়ের স্লিপ সংশ্লিষ্ট ব্যক্তি হাতে পেয়ে যান। জানা গিয়েছে, চিকিৎসা করাতে যাওয়া মানুষের কথা মাথায় রেখে যতটা কম ভাড়া রাখা যায়, সেই সিদ্ধান্তই নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই প্রকল্পের কাজ যাতে দ্রুত শুরু করা যায়, সে বিষয়ে নবান্নের শীর্ষমহলে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজ্যের এক আধিকারিক জানিয়েছেন, এই অতিথিশালার নামকরণ করবেন মুখ্যমন্ত্রী নিজেই।
সম্পর্কিত সংবাদ