চেন্নাই, ৩০ নভেম্বর: এটিএম-এ টাকা তুলতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে আজ, শনিবার চেন্নাইয়ের মুঠিয়ালপেট এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতের নাম চন্দন। তিনি ওড়িশার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন এলাকারই ওই এটিএম থেকে টাকা তুলতে এসেছিলেন এক পরিযায়ী শ্রমিক। অন্যদিকে, ঘূর্ণিঝড় ফেনজলের দাপটে চেন্নাইয়ের একাধিক এলাকা জলমগ্ন। মনে করা হচ্ছে তার মধ্যেই ওই এটিএমে কোনওভাবে খোলা ছিল বিদ্যুতের তার। সেটির সংস্পর্শে আসার ফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকুস্থলেই মৃত্যু হয় তাঁর। শক খেয়ে ছিটকে পড়েন। পরে জলে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর এলাকাবাসীরাই তাঁকে উদ্ধার করেন। নিয়ে যাওয়া হাসপাতালেও। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, চন্দনবাবু এলাকারই একটি শোরুমে কাজ করতেন। থাকতেন কোয়ার্টারে। প্রয়োজনে টাকা তুলতেই ওই এটিএমে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওড়িশায় তাঁর পরিজনদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।



