নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চণ্ডীতলার উচ্চমাধ্যমিকের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় তার দুই বন্ধুকে গ্রেপ্তার করল পুলিস। উত্তরপ্রদেশের লখনউ থেকে ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। আজ, মঙ্গলবার ধৃতদের নিয়ে চণ্ডীতলায় ফিরতে পারে পুলিসের বিশেষ দল। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে লখনউতে অভিযান চালিয়ে সোমবারই দু’জনকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় আদালতে পেশ করে তাদের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। তবে ওই ঘটনায় মুখ্য অভিযুক্ত এখনও নিখোঁজ।
Advertisement
প্রসঙ্গত, গত বুধবার তিন বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল মৌসম বাঙাল (১৮) নামে এক পড়ুয়া। সে চণ্ডীতলার গঙ্গাধরপর গ্রাম পঞ্চায়েতের হেড়িয়াদহ গ্রামের বাসিন্দা ছিল। পরে স্থানীয় পদ্মপুকুর থেকে তাঁর মৃতদেহ পুলিস উদ্ধার করে। ঘটনার পর থেকেই তাঁর তিন বন্ধু নিখোঁজ ছিল। তারমধ্যে একজনের সঙ্গে মৌসমের সম্প্রতি সামাজিক মাধ্যমে বন্ধুত্ব হয়েছিল। পাশের গ্রামের বাসিন্দা সেই বন্ধুর বিরুদ্ধে আবার অসামাজিক কাজের পুরনো অভিযোগ আছে। মৃত মৌসমের পরিবারের দাবি, ওই পড়ুয়াকে খুন করা হয়েছে। সেই মর্মে অভিযোগও দায়ের হয়েছে। ওই পরিবারের আরও দাবি, সম্প্রতি মৌসমের মোবাইল চুরি হয়েছিল। সেই ঘটনায় পুলিস দু’জনকে গ্রেপ্তার করে। সেই আক্রোশেই ওই পড়ুয়াকে খুন করা হয়েছে। যদিও পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। দু’জন গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।



