Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

চন্দ্রকোণায় আলু খেতে যুবকের মাথা থ্যাঁতলানো দেহ

চন্দ্রকোণায় আলু খেতে যুবকের মাথা থ্যাঁতলানো দেহ
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বৃহস্পতিবার সাত সকালে আলুর খেত থেকে এক যুবকের মাথা থ্যাঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার হল। ঘটনাস্থল চন্দ্রকোণা থানার বসন্তপুর। নাম লক্ষ্মীকান্ত দলুই (৩২)। বাড়ি রাধানগরে। মৃতের বাড়ির লোকেরা চন্দ্রকোণা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিসও প্রাথমিকভাবে খুন বলেই অনুমান করছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে, ঘটনাটি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিসের ঊর্ধ্বতন কর্তারা কোনও মন্তব্য করতে চাননি। ফোনে পাওয়া যায়নি পুলিস সুপার ধৃতিমান সরকারকেও।
Advertisement
পেশায় দিনমজুর লক্ষ্মীকান্ত নির্বিরোধী যুবক হিসেবেই পরিচিত। বুধবার পাশের গ্রাম বসন্তপুরে ভৈরবী মন্দিরে পুজো দেখতে বেরিয়ে যান তিনি। রাত ৯টার মধ্যে বাড়ি ফিরে পিঠে খাওয়ার কথা ছিল। কিন্তু রাতে বাড়ি না ফেরায় সকলে দুশ্চিন্তায় পড়েন। লক্ষ্মীকান্তর স্ত্রী মমতা বলেন, এর আগেও একদিন সন্ধ্যায় বাড়ি  ফিরবে বলে ফেরেনি। আত্মীয়ের বাড়িতে ছিলেন। পরের দিন বাড়ি ফিরে এসেছিলেন। আমরা মনে করেছিলাম, এবারও সেরকম কিছু একটা হবে। কিন্তু এদিন খবর পেয়ে  মাথায় আকাশ ভেঙে পড়ে।
ওই মন্দিরে রাত ১০টা পর্যন্ত পুজো চলেছিল। প্রসাদ খাওয়ার ব্যবস্থা ছিল। অনেকে লক্ষ্মীকান্তকে প্রসাদ খেতেও দেখেছেন। এদিন সকালে দেখা যায়, মন্দির থেকে কিছুটা দূরে একটি আলু খেতে লক্ষ্মীকান্তের দেহ মুখ থোবড়ানো অবস্থায় পড়ে। পুলিস জানিয়েছে, দেহটির দুটি পা আলের উপর ছিল এবং মুখটি মাটিতে গোঁজা ছিল। দেখে মনে হচ্ছিল, জোরপূর্বক মুখটি জমিতে গুঁজে দেওয়া হয়েছে। তার ঠিক উল্টোদিকে একটি  চার ইঞ্চি ব্যাসের ফুট তিনেক লম্বা কাঠের গুঁড়ি পড়ে ছিল। মাথার পেছেনে আঘাতের চিহ্ন ছিল। পুলিসের প্রাথমিক অনুমান, পেছন থেকে কেউ মোটা কোনও লাঠি বা কাঠ দিয়ে লক্ষ্মীকান্তের মাথায় আঘাত করেছিল। তবে ওই জায়গাতেই তাকে আঘাতটি করা হয়েছিল কিনা  তা নিয়ে পুলিস সংশয়ে রয়েছে।
সম্পর্কিত সংবাদ