Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চিলেকোঠা থেকে উদ্ধার উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ

চিলেকোঠা থেকে উদ্ধার উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের ঝুলন্ত দেহ
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুক্রবার সকাল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর নোয়াপাড়া থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। খারাপ কিছু ঘটে গিয়েছে ভেবে আশঙ্কা বাড়ছিল ক্রমশ। সেই আশঙ্কাই সত্যি হল! শনিবার সকালে উত্তর বারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল । ইছাপুরের আনন্দমঠে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, সেখানকার ছাদের চিলেকোঠা থেকে গলায় নাইলন দড়ির ফাঁস লাগা অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। সত্যজিৎবাবুর রহস্যমৃত্যু ঘিরে স্বাভাবিকভাবেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘরে থেকে তাঁর লেখা একটি চিঠি পেয়েছে পুলিস। সূত্রের খবর, সেই চিঠিতে এক মহিলা ও তাঁর স্বামীর নাম উল্লেখ করা হয়েছে। ওই দু’জন ভুয়ো ভিডিও তৈরি করে তাঁকে লাগাতার ব্ল্যাকমেইল করত বলে অভিযোগ করা হয়েছে চিঠিতে। 
Advertisement
এই চিঠির বক্তব্য জানাজানি হতেই এলাকায় তীব্র অসন্তোষ তৈরি হয়। মৃতের পরিবারের পাশাপাশি স্থানীয় মহিলারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, ‘চিঠিতে যে মহিলা ও তাঁর স্বামীর নাম রয়েছে, তাঁরা দাদার (সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়) কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছে। সেই ধার শোধ না করে নানাভাবে ব্ল্যাকমেইল করত। তাদের কঠোর শাস্তি দিতে হবে।’ এদিন ঘটনাস্থলে আসেন উত্তর বারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ। তিনি বলেন, ‘সত্যজিৎ ১৯৮৪ সাল থেকে কাউন্সিলার। প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপর তৃণমূল। ৬৭ বছর বয়স। বৃহস্পতিবারও উনি পুরসভায় এসে বৈঠকে যোগ দিয়েছেন। আমার চোখে পড়েনি কোনও অস্বাভাবিকতা। কেন এমন করলেন, ভাবতে পারছি না।’ 
ইছাপুরে আনন্দমঠে বাড়ি সত্যজিৎবাবুর। তাঁর বাড়ি প্রোমোটিং হওয়ায় তিনি এখন পাশেই ভাড়াবাড়িতে থাকতেন। তাঁর স্ত্রী অসুস্থ। ছেলে রয়েছেন। এলাকার সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। তাই এই ঘটনায় এলাকাবাসী রীতিমতো হতবাক। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহ ময়নাতদন্ত করা হয়েছে। চিঠিতে যে দম্পতির উল্লেখ রয়েছে, পরিবারের তরফে তাঁদের বিরুদ্ধে অভিযোগ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ