Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোলাই খেয়ে মৃত্যু, পুলিসকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, উত্তপ্ত চন্দ্রকোণা

চোলাই খেয়ে মৃত্যু, পুলিসকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, উত্তপ্ত চন্দ্রকোণা
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: চোলাই মদের ভাটি উৎখাতের দাবিতে পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখালেন কয়েকশো মহিলা। বৃহস্পতিবার চন্দ্রকোণা থানা চাঁদুর গ্রামে মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে পুলিস কার্যত অসহায় হয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় চোলাই মদ খেয়ে মৃত এক ব্যক্তির দেহ পুলিস উদ্ধার করতে গেলে। এলাকা থেকে চোলাই মদ পুরোপুরি না তুললে মৃতদেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে পুলিসকে ঘিরে ধরেন কয়েক শ’ মহিলা। পুলিসের সামনে ভাটি থেকে চোলাই মদ বের করে রাস্তায় ঢেলে প্রতিবাদও করেছেন প্রমিলা বাহিনী। 
Advertisement
বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর পুলিসের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিস জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সৌমেন ঘোষ ওরফে সোনা (৪৫)। মৃতের বাড়ি ওই গ্রামেই। মঙ্গলবার থেকে সোনা নিখোঁজ ছিলেন। এদিন বাড়ির সামনের পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়।
বেশ কয়েক বছর ধরে ওই গ্রামে চোলাই মদ তৈরি ও বিক্রি ক্রমশ বাড়ছে। গ্রামের বিভিন্ন বয়সি মানুষ নিয়মিত মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে। ওই গ্রামের কয়েকজন মহিলা জানালেন, তাঁদের স্বামীরা সব সময় মদের ঠেকেই পড়ে থাকেন। বাড়ির গয়না, বাসন বিক্রি করেও অনেকে মদ খান। বিগত দু’বছরে ওই গ্রামের তিন ব্যক্তি অত্যধিক চোলাই মদ পানের কারণে মারা গিয়েছে বলে গ্রামবাসীরা জানালেন। 
সৌমেন সাইকেলে করে মালপত্র বহন করে সংসার চালাতেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও চোলাই খেতে বিকেলে আড়ি পাড়ায় যান। সেই থেকে আর বাড়ি ফেরেননি। তবে তাঁর সাইকেলটি আড়ি পাড়ার এক বাড়ির সামনে দেখা যায়। এদিন সকালে আড়ি পাড়া সংলগ্ন একটি পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা নিশ্চিত হন, মদ পান করে পুকুরে পড়ে সৌমেনের মৃত্যু হয়েছে। কয়েক শ’ মহিলা বাড়ি থেকে বেরিয়ে চোলাই ভাটিতে হানা দিয়ে কাঁচামাল সহ মদ তৈরির জিনিসপত্র ভেঙে দেওয়ার পাশাপাশি ব্যারেল থেকে চোলাই মদ রাস্তায় ঢেলে দেন। পুলিস মৃতদেহ উদ্ধার করতে গেলে মহিলারা ঘিরে ধরে বিক্ষোভ দেখান। মহিলারা বলেন, মদের জন্য আমাদের সুখ-শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। যতক্ষণ না মদের ভাটি পুলিস সম্পূর্ণ উচ্ছেদ করবে ততক্ষণ বিক্ষোভ চলবে। পুলিসও মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তি বোধ করে। পরে পুলিস গ্রাম থেকে চোলাই মদের ভাটি তোলার আশ্বাস দিলে মহিলার শান্ত হন।
Advertisement
সম্পর্কিত সংবাদ