নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার কড়া নিরাপত্তায় আইএমএ বারাসত শাখার নির্বাচন হল। আর এই নির্বাচন ঘিরেও কার্যত আড়াআড়ি ভাঙন চিকিৎসকদের মধ্যে। টানটান উত্তেজনার মধ্যে দিয়েই এদিন রাতে ফলাফল ঘোষণা হয়। শুধু তাই নয়, পুলিসি নিরাপত্তাতেই কমিটি গঠন হয়। ফলাফলে ঘোষণা পর সভাপতি হয়েছেন ডাঃ তপন কুমার বিশ্বাস। আর সম্পাদক হয়েছেন ডাঃ সুব্রত মণ্ডল। মোট ৩৪ জন প্রার্থী এদিন ভোটাভুটিতে জয়ী হন। নবনির্বাচিত সভাপতি ডাঃ তপনকুমার বিশ্বাস বলেন, যাতে অশান্তি না হয় তার জন্য কড়া পুলিসি পাহারা ছিল। আর আমাদের বিরোধী প্যানেলে মাত্র ন’জন প্রার্থী ছিলেন মোট ৩৪টি আসনের মধ্যে। বাকি আসনে তাঁরা প্রার্থী দিতে পারেননি। আর ভোটে লড়া ন’জন প্রার্থী হেরেছেন। এমনিতেই বারাসত আইএমএ ভবনে অসহায় বয়স্ক মানুষদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকি। আগামীতে আরও পরিষেবা দেওয়া নিয়ে ভাবছি।



