নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেসরকারি বিদ্যুৎ সংস্থায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হল এমটেক পাশ এক যুবক। দেবর্ষি সাঁপুই নামের ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে গড়িয়াহাট থানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ওই বিদ্যুৎ সংস্থার নকল সিল, স্ট্যাম্প সহ অন্যান্য সামগ্রী। জানা গিয়েছে, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থায় লোক নেওয়া হচ্ছে, এই মর্মে বিভিন্ন লোকের কাছে মেসেজ পাঠাত সে। পরের বার্তায় লেখা থাকত, এখানে চাকরির জন্য বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন। টাকার বিনিময়ে সে ওই প্রশিক্ষণ দেয়। এই মেসেজ দেখে অনেকেই তার সঙ্গে যোগাযোগ করেন। অভিযুক্ত তাঁদের জানায়, ওই বিদ্যুৎ সংস্থার অফিসেই প্রশিক্ষণ হবে। চাকরির আবেদনের জন্য একটি ফর্ম তৈরি করে আগ্রহীদের কাছে পাঠায় দেবর্ষি। সেগুলি জমা দেওয়ার জন্য আবেদনকারীদের কয়েকদিন আগে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অফিসের সামনে আসতে বলে সে। সেখানে জমায়েত দেখে বিদ্যুৎ অফিসের লোকজন জানতে চান, তাঁরা কেন এসেছেন? সকলেই জানান, দেবর্ষি সাঁপুই নামের এক ব্যক্তি তাঁদের আসতে বলেছেন। এরপর তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন উত্তর মেলায় সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায়। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে দেবর্ষিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ওই সংস্থার নকল রাবার স্ট্যাম্প, সিল সহ বিভিন্ন সামগ্রী। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জেনেছেন, সে এমটেক পাশ। চাকরি পায়নি। তাই সে বাধ্য হয়ে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার ব্যবসা খোলে।



