Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গাড়ির বেপরোয়া গতির বলি শিশু! চালককে দ্বিগুণ জরিমানার প্রস্তাব

বেপরোয়া গতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে বা স্কুলের সামনে লাগামাছাড়া গতিতে গাড়ি চালিয়ে কেউ দুর্ঘটনা ঘটালে আগামিদিনে তাদের গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা।

গাড়ির বেপরোয়া গতির বলি শিশু! চালককে দ্বিগুণ জরিমানার প্রস্তাব
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: বেপরোয়া গতির কারণে কোনো শিশুর মৃত্যু হলে বা স্কুলের সামনে লাগামাছাড়া গতিতে গাড়ি চালিয়ে কেউ দুর্ঘটনা ঘটালে আগামিদিনে তাদের গুনতে হবে বিপুল অঙ্কের জরিমানা। এই ফাইনের অঙ্ক দ্বিগুণ করার জন্য প্রস্তুতি শুরু করেছে রোড সেফটি কাউন্সিল। ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব তাদের তরফে সড়ক উন্নয়ন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে বলে খবর। পাশাপাশি সমস্ত রাজ্যের কাছে এই বিষয়ে মতামত নিয়েছে তারা, যাতে দ্রুত এই প্রস্তাব কার্যকর করা যায়। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা ৫০ শতাংশের নীচে কমিয়ে আনার লক্ষ্যমাত্রা স্থির করেছে রোড সেফটি কাউন্সিল। তার জন্য বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পট চিহ্নিতকরণ, কোন কোন রাস্তায় গাড়ির গতি অস্বাভাবিক রয়েছে এই সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে কাটাছেঁড়া চলছে। সেখানে নজরদারির জন্য এআই প্রযুক্তি ব্যবহার করার উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যে দুর্ঘটনায় আহত ও মৃতের সংখ্যা বিশ্লেষণ করতে গিয়ে রোড সেফটি কাউন্সিলের কর্তাদের নজরে এসেছে, বেপরোয়া গতির বলি হচ্ছে শিশুরা। পাশাপাশি বিভিন্ন স্কুলের সামনে বাইকসহ বিভিন্ন গাড়ি অতিরিক্ত গতিতে যাতায়াতের কারণে ছাত্রছাত্রীরা দুর্ঘটনার মুখে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনা ঘটছে রাস্তা পারাপারের সময়।

Advertisement

দুর্ঘটনায় শিশুমৃত্যু বা আঘাত কমাতে জোর দিয়েছে রোড সেফটি কাউন্সিল।  বিশেষত স্কুলের সামনের রাস্তা তাদের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে। দুর্ঘটনায় জখম বা মৃত্যুর ক্ষেত্রে জরিমানার অঙ্ক বৃদ্ধি ছাড়া কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তারা। এখন কোনো গাড়ি দুর্ঘটনা ঘটালে সর্বোচ্চ দশ হাজার টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে। কিন্তু ফাইনের ওই অঙ্ক বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। একধাক্কায় তা দ্বিগুণ করতে চাইছে রোড সেফটি কাউন্সিল, যাতে সকলের পক্ষে তা মেটানো সম্ভব না-হয়। জরিমানার অঙ্ক এতখানি বৃদ্ধির লক্ষ্য, বেপরোয়া গতিতে লাগাম পরানো। এনিয়ে বিভিন্ন রাজ্যের সঙ্গে বৈঠকে তাদের মতামত চাওয়া হয়। সূত্রের খবর, সমস্ত রাজ্যই রোড কাউন্সিলের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এতে আইন ভাঙার প্রবণতা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ