Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

চাইল্ড কেয়ার লিভ নিয়ে স্কুলের যুক্তি খারিজ, শিক্ষিকার আর্জিই মঞ্জুর কোর্টে

চাইল্ড কেয়ার লিভ নিয়ে স্কুলের যুক্তি খারিজ, শিক্ষিকার আর্জিই মঞ্জুর কোর্টে
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একগুচ্ছ কারণ দেখিয়ে শিক্ষিকার চাইল্ড কেয়ার লিভের আবেদন খারিজ করে দিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। সর্বোপরি সেখানে বলা হয়েছিল, চাইল্ড কেয়ার লিভ কোনও শিক্ষিকার অধিকারের পর্যায়ে পড়ে না! অবশেষে স্কুলের যাবতীয় যুক্তিকে অযৌক্তিক ব্যাখ্যা করে দু’বছর পর শিক্ষিকার ওই ছুটির আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। 
Advertisement
চতুর্থ শ্রেণির পড়ুয়া ছেলের পরীক্ষার জন্য ২০২৩ সালের ৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চাইল্ড কেয়ার লিভের আবেদন জানিয়েছিলেন পূর্ব বর্ধমানের তালিত গৌড়েশ্বর হাইস্কুলের শিক্ষিকা প্রিয়াঙ্কা দলুই। কিন্তু অভিযোগ, তাঁর সেই আবেদন নাকচ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। ওই কারণে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। মামলার শুনানির পর কেন ওই শিক্ষকের চাইল্ড কেয়ার লিভের আবেদন মঞ্জুর করা হল না, স্কুল কর্তৃপক্ষের কাছে তার ব্যাখ্যা তলবসহ হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 
হলফনামায় স্কুলের তরফে ছুটি মঞ্জুর না-করার জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করা হয়। স্কুলের আইনজীবী পঙ্কজ হালদার জানান, ২০১৬ সালের উচ্চশিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী চাইল্ড কেয়ার লিভ শিক্ষিকার অধিকারের পর্যায়ে পড়ে না। শর্তসাপেক্ষে এই ছুটি দেওয়া হয়। হলফনামায় আরও জানানো হয়, তিনি ছুটির আবেদনে ছেলের পরীক্ষার কথা উল্লেখ করলেও তাঁর ছেলের পরীক্ষার রুটিনে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার স্বাক্ষর ছিল না। পাশাপাশি তিনি যে-সময়ে ছুটির আবেদন করেছিলেন সেটি ‘স্টুডেন্ট উইক’ হিসেবে পালিত হয়েছিল। পাশাপাশি ওইসময় চলছিল বই বিতরণ-সহ স্কুলের একাধিক জরুরি কাজ। এজন্য তাঁর ছুটি মঞ্জুর করা হয়নি। কিন্তু রিপোর্ট দেখার পর স্কুলের এহেন যুক্তির সবই খারিজ করে দিয়ে ১৫ দিনের মধ্যে ওই শিক্ষিকার চাইল্ড কেয়ার লিভের আবেদন মঞ্জুর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
সম্পর্কিত সংবাদ