নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন দপ্তরের অধীনস্ত ডাইরেক্টরেটে কর্মরত রাজ্য সরকারী কর্মচারীদের জন্য সুখবর। বুধবার ‘ডাইরেক্টরেট কমন ক্যাডার’ তৈরির ছাড়পত্র দিল রাজ্য মন্ত্রিসভা। এর জেরে কর্মীদের পদোন্নতির সুযোগ একলাফে বেড়ে গেল অনেকগুণ। কর্মীদের এই দীর্ঘদিনের দাবি খতিয়ে দেখতে একটি হাইপাওয়ার কমিটি গঠন করে দিয়েছিল নবান্ন। সেই কমিটির প্রস্তাবে সায় দিয়েই এই কমন ক্যাডার তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের এই সিদ্ধান্তের জেরে ১০৬টি ডাইরেক্টরেটের ১১ হাজারের বেশি আধিকারিক-কর্মী আছেন। এতদিন তাঁরা যে ডাইরেক্টরেটে কাজে যোগ দিতেন সেখান থেকেই খুব জোর একটি প্রোমোশন পেতে পেতেই অবসরগ্রহণের সময় চলে আসত। এবার আর তা হবে না। এনাদের কমন ক্যাডার তৈরি করে প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের অধীনে আনার ফলে অন্যান্য ডাইরেক্টরেটেও তাঁদের বদলির দরজা খুলবে বলেই মনে করছে আধিকারিক মহল। স্বাভাবিকভাবেই বেড়ে যাবে পদোন্নতির সুযোগ।
এবিষয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস ভুঁইয়া জানিয়েছেন, ২০১১ সালের পর থেকে কর্মচারীদের কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে এটাও একটি গুরুত্ব পদক্ষেপ নেওয়া হল। কর্মীদের কথা ভেবে এই পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েকও। অন্যদিকে, প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের বর্তমান পদসমূহের কোনও পরিবর্তন না করে পদকজয়ী খেলোয়াড়দের সেকশন অফিসার, ইউডিএ, এলডিএ এবং গ্রুপ-ডি পদে সরাসরি নিয়োগের জন্য ‘পশ্চিমবঙ্গ পরিষেবা (বিশেষ ব্যবস্থার অধীনে খেলোয়াড়দের নিয়োগ) বিধিমালা ২০২৫’ ছাড়পত্র দেওয়া হয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে দুই ব্লকের চারটি মৌজাকে অন্তর্ভুক্ত করে নিউটাউন কলকাতা প্ল্যানিং এরিয়ার মধ্যে আনারও ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা।