নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভেজাল ওষুধ নিয়ে ফের রাজ্যের সমস্ত জেলার স্বাস্থ্য আধিকারিককে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গের ৮টি জেলার প্রশাসনকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ভেজাল ওষুধের বিষয়ে সতর্ক করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,গুজরাত এবং উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন সংস্থার নামে ৫০-৫৫টি ভেজাল ওষুধ এই রাজ্যে এসেছে। সেগুলি যাতে কোনওভাবেই ব্যবহার না হয় তা দেখতে হবে। ওই সব ওষুধ যাতে কেউ ব্যবহার না করে তা নিশ্চিত করতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। তারপরেও যাতে দোকান কিংবা হাসপাতালগুলির স্টোরে ওই ধরনের ওষুধ না রাখা হয়, তা নিশ্চিত করতে স্বাস্থ্য আধিকারিকদের আচমকা হানা দিতে হবে। নিষিদ্ধ ওই ওষুধের তালিকা দোকানে বড় বড় হরফে সাঁটিয়ে রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেন, যাতে কেউ ওই সব ওষুধ খেয়ে না ফেলেন তা দেখতে সংশ্লিষ্ট সব পক্ষকে কড়া নজর রাখতে হবে।



