আগামী বছর রাজ্য সরকারি অফিসে  ছুটি কমানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর
  • ৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী বছর রাজ্য সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কমবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিকদের একথা জানিয়েছেন। বিভিন্ন উৎসব, গুরুত্বপূর্ণ দিবসগুলিতে সরকারি অফিসে ছুটির বাৎসরিক তালিকার বিজ্ঞপ্তি প্রকাশ করে অর্থদপ্তর। ইতিমধ্যে অর্থসচিব প্রভাতকুমার মিশ্রর সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বিষয়ে কথা হয়েছে। অর্থসচিব আগামী বছরে ৪৫টি ছুটির একটি তালিকা মুখ্যমন্ত্রীকে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী তাঁকে বলেছেন, এটা আরও কমিয়ে ৪০ দিন করতে। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক কাজ বকেয়া রয়েছে। সরকারি অফিসে দ্রুত কাজের জন্য কর্মসংস্কৃতি ফেরানো খুব প্রয়োজন। 

Advertisement

চলতি ২০২৬ সালে রাজ্য সরকারি কর্মীদের মোট ছুটি ছিল ৫১ দিন। এর মধ্যে অবশ্য ৬ দিন শনিবার থাকার জন্য এমনিতে‌ ছু঩টি হত। সেই হিসাবে নিট ছুটি ছিল ৪৫ দিন। মোট ৫১টি ছুটির মধ্যে ২৭টি দেওয়া হয়েছিল এনআই অ্যাক্টে। প্রশাসনিক নির্দেশে ছুটি ছিল ২৪ দিন। এনআই অ্যাক্টে ছুটি দেওয়া হলে রাজ্যে ব্যাংক ও বেসরকারি সংস্থায় ছুটি হয়। সরকারি ছুটির তালিকার বিজ্ঞপ্তি অক্টোবর-নভেম্বর মাসে অর্থদপ্তর প্রকাশ করে। মুখ্যমন্ত্রীর ইচ্ছা জানার পর অর্থদপ্তর এখন ছুটির দিন কমানোর উদ্দেশ্যে পর্যালোচনা শুরু করেছে। 
পুজো, কালীপুজোর সময় একটানা যে বেশিদিন ছুটি থাকে সেখান থেকে কিছুটা কাটছাঁট করা হবে। এবার পুজোর সময় পঞ্চমী থেকে লক্ষ্মীপুজোর পরের দিন পর্যন্ত টানা ১২ দিন ছুটি ছিল। কালীপুজো, ছটপুজো, ভাইফোঁটা প্রভৃতির ছুটি আগামী সোমবার ৯ নভেম্বর থেকে পরের সোমবার ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে। শনি-রবিবার ধরে এই দফায় ১০ দিন ছুটি থাকবে। অনেক বছর আগে বাম আমলে ষষ্ঠীর দিন থেকে সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হয়। একাদশীর পরের দিন সরকারি অফিস খুলত। ফের একদিন ছুটি থাকত লক্ষ্মীপুজো উপলক্ষ্যে।