Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় বৈঠক আগামী কাল

আজ, সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গোৎসবের পর থেকে এনিয়ে তিনবার উত্তরবঙ্গ সফর করছেন তিনি।

আজ ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, উত্তরকন্যায় বৈঠক আগামী কাল
  • ১০ নভেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গোৎসবের পর থেকে এনিয়ে তিনবার উত্তরবঙ্গ সফর করছেন তিনি। পুজোর পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তখনই মুখ্যমন্ত্রী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ তদারকি করেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে তার কয়েকদিন পর আরও একবার ওই সব এলাকায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর উত্তরবঙ্গ সফরের লক্ষ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেওয়া। দুর্গত ও গৃহহীন মানুষকে পুনরায় বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবেন তিনি। 

Advertisement

সোমবার দুপুরে কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছবেন তিনি। মঙ্গলবার উত্তরকন্যায় সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলেই কলকাতা ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, উত্তরকন্যার বৈঠক থেকেই তিনি বেশ কিছু পরিষেবা প্রদান করবেন। এছাড়া, প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বিভিন্ন প্রকল্প এবং উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। বৈঠকে পাঁচ জেলার ডিএম থেকে শুরু করে পদস্থ কর্তাদের উপস্থিত থাকার কথা। 
ইতিমধ্যে সেচ, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি, বিদ্যুৎ সহ একাধিক দপ্তর উত্তরবঙ্গে বিপর্যয়ের ক্ষয়ক্ষতি মেরামত করে পুনর্গঠনের কাজ শেষ করেছে। সেই কাজই সরেজমিনে দেখবেন মমতা। বিপর্যয়ে বহু মানুষ গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলেছিলেন। তাঁদের হাতে দ্রুত সেই সমস্ত নথি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই কাজ নিয়েও খোঁজখবর নেবেন তিনি। প্রাকৃতিক বিপর্যয়ে রাজ্যজুড়ে ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত মানুষ পাবেন বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা। সাম্প্রতিক বিপর্যয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মূলত উত্তরবঙ্গ। তাই অধিকাংশ ক্ষতিগ্রস্ত পরিবারই উত্তরবঙ্গের বিভিন্ন জেলার। এক-একজন ক্ষতিপূরণ বাবদ পাবেন মোট ১ লক্ষ ২০ হাজার টাকা। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের বরাদ্দ করা অর্থ পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারণ, ‘বাংলার বাড়ি’ প্রকল্প রূপায়ণের দায়িত্বেও রয়েছে পঞ্চায়েত দপ্তর।

সম্পর্কিত সংবাদ