সংবাদদাতা, বারুইপুর: বারুইপুরে গণধর্ষণ ও খুন হয়ে যাওয়া নাবালিকার স্কুলে এবার লাইব্রেরি হবে। মৃত নাবালিকার বাবাকে এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ওই ব্যক্তি নিজেই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মেয়ের স্কুলে পড়াশোনার উন্নতিতে একটি লাইব্রেরি করে দেওয়ার আবেদন করেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। উনি সেটা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।’ সেই সঙ্গে নির্যাতিতার বাবাকে কারাদপ্তরে চাকরি দিয়েছে রাজ্য সরকার। তিনি জানিয়েছেন, মানসিক অবস্থা ঠিক হলেই কাজে যোগ দেবেন। এদিন আরও একবার নির্যাতিতার বাবা জানিয়েছেন, তাঁর মেয়ের উপর অত্যাচারের সুবিচার পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। তাঁর কথায়, ‘সরকার আমাদের পাশে আছে। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রয়েছে।’
এদিকে, গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। এনিয়ে শুধু গণপিটুনিতে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সূর্যপুর সেতু এলাকা থেকে শাকিম লস্কর নামে ওই যুবককে ধরে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, ‘তল্লাশি জারি আছে। যারা ঘটনায় জড়িত, প্রত্যেকে ধরা পড়বে।’ নাবালিকার বাবার আরজি মতোই গত শনিবার সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে খবর, এই ক’দিনে ফাঁড়িতে ৭-৮টি অভিযোগ জমা পড়েছে। স্থানীয় মানুষজন তাঁদের নানা সমস্যা নিয়ে আসছেন। ফাঁড়ির আধিকারিকরা তা গুরুত্ব দিয়ে শুনে তদন্ত করে সুষ্ঠু সমাধানও করছেন বলে জানা গিয়েছে। মূলত, জমিজমা সংক্রান্ত ও পারিবারিক বিবাদ নিয়ে অভিযোগ জমা পড়েছে। এখনও পর্যন্ত কোনো বড়ো বা গুরুতর অভিযোগ আসেনি।