রায়পুর: শনিবার সন্ধ্যায় ছত্তিশগড়ের আবুঝমাড় এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ চার মাওবাদী। প্রাণ হারিয়েছেন এক পুলিসকর্মীও। দিনকয়েক ধরে ছত্তিশগড়ের নারায়ণপুর, দান্তেওয়াড়া, জগদলপুর ও কোন্ডাগাঁও জেলায় মাওবাদী দমন অভিযানে নেমেছে পুলিস, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডস (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সন্ধ্যা নাগাদ দান্তেওয়াড়া ও নায়ারণপুরের সীমানায় আবুঝমাড়ের জঙ্গলে শুরু হয় তল্লাশি অভিযান। গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পাওয়া মাত্রই গুলি চালায় মাওবাদীরা। পাল্টা জবাব দেয় পুলিস ও নিরাপত্তা বাহিনী। আর এই গুলির লড়াইয়ে চার মাওবাদীর মৃত্যু হয়। ঘটনায় প্রাণ হারান ডিআরজির হেড কনস্টেবল সান্নু করম। ঘটনাস্থল থেকে একে ৪৭, রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আরও মাওবাদী লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি চলছে।



