Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ছাত্র আন্দোলনের জেরে তপনের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত স্থগিত  

ছাত্র আন্দোলনের জেরে তপনের কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান আপাতত স্থগিত
 
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: তপন নাথানিয়েল মুর্মু মেমোরিয়াল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের তারিখ নিয়ে সোমবার ছাত্র আন্দোলনে উত্তাল ছিল কলেজ ক্যাম্পাস। ছাত্রদের অভিযোগ, তাদের সঙ্গে কথা না বলেই নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ৩০ জানুয়ারি স্থির করেছিল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, জেলার মন্ত্রী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষামন্ত্রী বিপ্লব মিত্র ওই তারিখ আসতে পারেন বলে জানিয়েছিলেন। তাই সেই তারিখেই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার ছাত্রছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকেও একথা উঠে আসে। এনিয়ে শুরু হয় বিতর্ক। সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছাত্রছাত্রীরা। অবশেষে মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ এবং পরিচালন সমিতি ছাত্রদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। যদিও বিপ্লববাবু ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এদিকে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ৭ ফেব্রুয়ারির পর অনুষ্ঠানের দিন চূড়ান্ত হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণয় নার্জিনারি বলেন, তারিখ নিয়ে সমস্যা হয়েছিল। তাই ৩০ জানুয়ারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। কলেজ পরিচালন সমিতির সভাপতি অমল কুমার রায় বলেন, আমি ৩০ জানুয়ারিতেই অনুষ্ঠান করার পক্ষে ছিলাম। কিন্তু ছাত্রছাত্রীরা বিপক্ষে। তাই আমার কিছু বলার নেই। কলেজের ছাত্র ইউনিটের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,  দু’দিন পর সরস্বতী পুজো, আবার পরীক্ষাও চলছে। তাই আমরা ওই তারিখ নিয়ে আপত্তি তুলে আন্দোলন করি।
Advertisement
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ বলেন, ছাত্রদের সঙ্গে কথা না বলে কেন কর্তৃপক্ষ তারিখ ঠিক করেছিল, কিসের জন্য করেছিল এটা পরিচালন সমিতির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলতে পারবেন। পরবর্তীতে কলেজের ছাত্র এবং কর্তৃপক্ষ মিলেই ওই অনুষ্ঠান করবে। বহিরাগত কেউ অনুষ্ঠানে হস্তক্ষেপ করবে না। কলেজ সূত্রে খবর, কলেজে অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছিল। ৩০ জানুয়ারি ওই অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্রের যোগ দেওয়ার সম্ভাবনা ছিল। সেজন্যই তড়িঘড়ি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে কর্তৃপক্ষ।  বিপ্লববাবুর বক্তব্য, আমি কোনও তারিখ দিইনি। কলেজ থেকেই আমাকে আমন্ত্রণ জানিয়ে ৩০ জানুয়ারির কথা বলা হয়েছিল। ওইদিন তপনে আমার বেশকিছু রাস্তা উদ্বোধন করার কথা আছে। তাই বলেছিলাম সম্ভব হলে যাব। এ পর্যন্তই কথা হয়েছিল। এর চেয়ে বেশিকিছু নয়। তা ছাড়া পুরোটাই কলেজের বিষয়। আমি বিস্তারিত জানিও না। আমি এসব বিষয়ে ঢুকিও না। তাই কে কী বলেছে আমার জানা নেই।  তৃণমূলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন জেলা সভাপতি গৌতম দাস বলেন, ছাত্রছাত্রীদের অনুষ্ঠান কিন্তু তাদেরকে না জানিয়ে তারিখ চূড়ান্ত করা হয়েছিল। হয়ত কর্তৃপক্ষ বিষয়টি বুঝেও বোঝেনি,বা না বোঝার ভান করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ