Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ছটপুজোয় ধর্মীয় সহাবস্থানের নজির টিটাগড়ে হাওড়ার ঘাটে ঘাটে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়

ছটপুজোয় ধর্মীয় সহাবস্থানের নজির টিটাগড়ে হাওড়ার ঘাটে ঘাটে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বারাকপুর শিল্পাঞ্চল ছটপুজোয় রীতিমতো উৎসবের চেহারা নিল। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, হাজিনগর, গারুলিয়া, টিটাগড়ে জোরকদমে হয় ছটপুজো। বৃহস্পতিবার সকালে পুণ্যার্থীরা গঙ্গা থেকে জল তুলে বাড়িতে নিয়ে গিয়ে পূজা করেন। সেই জলে রান্না করা হয়। সূর্যাস্তের সময়ও গঙ্গার ঘাটে এসে পুজো করেন অনেক পুণ্যার্থী। বহু মহিলা দণ্ডি কাটেন। বারাকপুর মহকুমার ৭৯টি ঘাটে এদিন ছটপুজোর আয়োজন করা হয়। এজন্য ঘাটগুলিকে মেরামত করা হয়েছিল। নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে গঙ্গাবক্ষে লঞ্চ নিয়ে প্রচার করেন। সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গঙ্গায় বারাকপুর পুলিস কমিশনারেটের পুলিস এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা পাহারায় ছিলেন। 
Advertisement
এদিন ছটপুজোয় টিটাগড়ে ধর্মীয় সহাবস্থানের বিশেষ নজির দেখা যায়। সেখানে বারাকপুরের চেয়ারম্যান পরিষদের সদস্য নওশাদ আলমের নেতৃত্বে মুসলমান সম্প্রদায়ের মানুষ রাস্তা পরিষ্কার করেন, ঝাড়ু দেন। সেইসঙ্গে পুণ্যার্থীদের ছটপুজোর সামগ্রী বিতরণ করা হয়। টিটাগড়ে গঙ্গার ঘাটে একটি ক্যাম্পের উদ্বোধন করেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া। প্রশাসনিক কর্তারা প্রতিটি ঘাট ঘুরে দেখেন। ভাটপাড়ায় গঙ্গার ঘাটে পুরসভার ক্যাম্পে পুরসভার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান পরিষদের সদস্য সহ কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজ, শুক্রবার ভোরে ফের গঙ্গার ঘাটে পুজো দেবেন পুণ্যার্থীরা। এদিন ছটপুজো নির্বিঘ্নেই কেটেছে বলে বারাকপুরের এসডিও সৌরভ বারিক জানান।
এদিন হাওড়ায় ছটপুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়া শহরের গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে এদিন লক্ষাধিক পুণ্যার্থী ভিড় জমান। ফোরশোর রোড এবং জিটি রোডের একাংশে যানজট তৈরি হয়। বিকেল থেকেই উলুবেড়িয়া কালীবাড়ি ঘাট, ফুলেশ্বরের জগন্নাথপুরের বিবির চড়া, চেঙ্গাইলের নেপালি ঘাট, এবং বাউড়িয়ার তিনটি ঘাটে দলে দলে পুণ্যার্থী ভিড় জমান। প্রতিটি ঘাটেই আলো, পানীয় জল এবং পুলিসের ব্যবস্থা ছিল। নদীতে নৌকার মাধ্যমেও নজরদারি চালানো হয়। এছাড়া হুগলির বিস্তীর্ণ এলাকায় সুষ্ঠুভাবে পালিত হয়েছে ছট। চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডুতে জগদ্ধাত্রী ও ছটপুজো একসঙ্গে পড়ায় উদ্বেগ ছিল। কিন্তু কোনও সমস্যা হয়নি। চুঁচুড়া এবং ব্যান্ডেলে উপচে পড়া ভিড়ের চোটে দিনভর যানজট হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, ৯০টিরও বেশি ঘাটে এদিন ছটপুজো হয়েছে।
সম্পর্কিত সংবাদ