নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলায় প্রায় ৫১৯ কোটি টাকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এল। এপ্রিল থেকে ছ’মাসের হিসেব কষলে বিনিয়োগের অঙ্ক প্রায় ৯৪৮ কোটি টাকা। এর ফলে পর পর পাঁচবছরে বছরে এরাজ্যে আসা এফডিআইয়ের পরিমাণ ১৩,৩৪৬ কোটি টাকায় পৌঁছল। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। করোনার সময় থেকে এখনও পর্যন্ত আসা এই বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগে আশার আলো দেখছে রাজ্য প্রশাসন। তার কারণ, ২০০০ সাল থেকে পর পর ১৯ বছরে রাজ্যে এফডিআইয়ের অঙ্ক ছিল প্রায় ৩৪ হাজার কোটি টাকা। সেই জায়গায় গত পাঁচবছরের পরিসংখ্যান যথেষ্ট উজ্জ্বল। বলছেন প্রশাসনের কর্তারা।
Advertisement
বাণিজ্য মন্ত্রকের হিসেব বলছে, ২০২০-২১ অর্থবর্ষে বাংলায় এফডিআই এসেছিল ৩,১১৮ কোটি টাকার। তার পরের বছর তা কিছুটা বেড়ে হয় ৩,১৯৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে সেই হিসেব পৌঁছয় ৩,২১৭ কোটি টাকায়। কেন্দ্রীয় তথ্য বলছে, ২০১৭-১৮ অর্থবর্ষে পশ্চিমবঙ্গে এফডিআই ছিল ১,৪০৯ কোটি টাকার। অর্থাৎ কয়েকবছর আগের হিসেবের দিকে তাকালেই স্পষ্ট, বিগত বছরগুলিতে বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে বাংলা অনেকটা এগতে পেরেছে। ২০২০-২১ অর্থবর্ষের গোড়া থেকে দেশে করোনা বড় রকমের প্রভাব ফেলতে শুরু করে। কিন্তু বিশ্ব বাজারে সংক্রমণের থাবা পড়েছিল তার আগে থেকেই। তারপরও যেভাবে লগ্নি টানতে সক্ষম হয়েছে বাংলা, তা যথেষ্ট সাফল্যের নজির। বলছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় তথ্য অনুযায়ী, এফডিআই টানার নিরিখে দেশে দশম স্থানে বাংলা। প্রথম তিনে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক ও গুজরাত।
রাজ্যের এফডিআই সাফল্য নিয়ে কী বলছে শিল্পমহল? এখানকার কর্তাদের বক্তব্য, লগ্নি কখনও রাতারাতি আসে না। তার জন্য জমি তৈরি করা দরকার। যে প্রশাসনের ভাবমূর্তি যত ভালো, শিল্পায়নের নীতি যত আকর্ষণীয়, লগ্নির গা থেকে লালফিতের ফাঁস আলগা করার তৎপরতা যত বেশি, বিনিয়োগও সেখানে তত উল্লেখযোগ্য। বিশ্ব ব্যাঙ্কের উদ্যোগে যে ‘ইজ অব ডুইং বিজনেস’ সংক্রান্ত প্রতিযোগিতা হয়, সেখানে গত কয়েকবছরে দফায় দফায় সামনের সারিতে এসেছে বাংলা। এই ইতিবাচক ভাবমূর্তি বিনিয়োগ টানতে সুবিধা করে দিয়েছে বলেই মনে করছে শিল্পমহল।